বিএনপি নেতাদের চুটিয়ে ব্যবসা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮-দলীয় জোটের ডাকা হরতালে গতকাল মঙ্গলবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিএনপির প্রায় সব নেতা-কর্মীর দোকানপাট খোলা ছিল। কিন্তু সাধারণ ব্যবসায়ীদের অধিকাংশ দোকানই ছিল বন্ধ। জোটের ডাকা প্রতিটি হরতালেই এমনটি দেখা যায়। গতকাল হরতাল চলাকালে রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানীর ব্যবসাপ্রতিষ্ঠান জিলানী এন্টারপ্রাইজ খোলা ছিল। ওই কমিটির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর মাইন উদ্দিন ভূঁইয়ার আকিরা ইলেকট্রনিকস, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ উল্যার আদনান থাই, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকনের যমুনা এন্টারপ্রাইজ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেনের নাছরিন গার্মেন্টস খোলা ছিল। এ ছাড়া বিএনপির অঙ্গসংগঠনের অনেক নেতা-কর্মীর দোকানও খোলা দেখা যায়। জানতে চাইলে ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদ উল্যা বলেন, ‘সকাল নয়টা পর্যন্ত হরতাল এবং রাজনীতি। এর পর থেকে ব্যবসা-বাণিজ্য। এ জন্যই দোকান খোলা রাখি।’ একই কথা বলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন। ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, ‘হরতালকারী দলের নেতারা শতভাগ নিশ্চিত, তাঁদের দোকান খোলা রাখলেও কর্মীরা এসে আক্রমণ করবেন না। কিন্তু আমাদের পক্ষে না আছে বিরোধী দল, না আছে সরকার।’ একই কথা বলেন ব্যবসায়ী জাহিদ হাসান। জানতে চাইলে রায়পুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, দলীয় নেতা-কর্মীরা পিকেটিং করে ক্লান্ত হয়ে যান। দোকান খোলা রাখা হয়, পিকেটিং করে যেন তাঁরা দোকানে এসে বিশ্রাম নিতে পারেন। তা ছাড়া অন্য ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বাধ্য করা হয় না।