ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানীর বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে গতকাল বুধবার সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি ছিল। বিএনপির নেতারা সেখানে যাওয়ার চেষ্টা করলে কুড়িগ্রাম শহরেই তাঁদের আটকে দেয় পুলিশ। পরে নাগেশ্বরীর পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলায় বিএনপি এবং কুড়িগ্রাম শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রলীগ।বিএসএফের গুলিতে ফেলানীর হত্যা ও দেশবাসীকে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার অভিযোগে রামখানা ইউনিয়নের দক্ষিণ রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসা মাঠে গতকাল বুধবার সকাল ১০টায় সমাবেশের ঘোষণা দেয় বিএনপি। গত সোমবার বিএনপির ওই ঘোষণার পর গত মঙ্গলবার একই স্থানে, একই সময়ে সমাবেশের ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় রামখানা ইউনিয়নে বুধবার সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। জানা গেছে, বিএনপির নেতা সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, উইং কমান্ডার (অব.) হামিদুল্যাহ খান, কবি আবদুল হাই শিকদার, মুক্তিযুদ্ধ প্রজন্মের সভানেত্রী শামা ওবায়েদ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমানসহ বিএনপির নেতা-কর্মীরা গতকাল ফেলানীর বাড়িতে যাওয়ার জন্য কুড়িগ্রাম শহরের একটি হোটেল থেকে বের হন। এ সময় পুলিশ তাঁদের আটকে দেয়। তাঁরা তাৎক্ষণিকভাবে ওই হোটেলে সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে আবদুল হাই শিকদার বলেন, ‘আমরা দুটি সংগঠনের পক্ষ থেকে কবর জিয়ারত, নগদ দুই লাখ টাকা অনুদান ও সমবেদনা জানাতে এসেছি। কিন্তু পুলিশ সেখানে যেতে দেয়নি।’সহকারী পুলিশ সুপার (এএসপি) মধুসূদন রায় জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএনপির নেতাদের ফেলানীর বাড়ির দিকে যেতে দেওয়া হয়নি।তবে ফেলানীর বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ফুলবাড়ী উপজেলার বেড়াকুটি বাজারে বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। এদিকে, জেলা ছাত্রলীগ জানায়, তারা ফেলানীকে ইস্যু করে বিএনপির ‘নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার’ প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।