বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মজির আহমদসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি ও পুলিশি হয়রানির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করা হয়েছে। এদিকে সকালে মজির আহমদের ঢাকা থেকে ফেরার খবরে তাঁর সমর্থকেরা পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে মহড়া দেয়। এর আগে গত মঙ্গলবার তিনি ও বিএনপির নেতা-কর্মীরা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান। এলাকাবাসী জানান, গতকাল বিকেলে লাকসাম অটো রাইস মিলস মিলনায়তনে মজির আহমদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লাকসাম পৌরসভার মেয়র মো. মফিজুর রহমান, লাকসাম উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মান্নান, নাঙ্গলকোটের হেসাখাল বাজার কলেজের অধ্যক্ষ মো. আবদুল মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।মজির আহমদ অভিযোগ করেন, গত ১২ জুন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মোহাম্মদপুরে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা এবং বিক্ষুব্ধ জনতার সঙ্গে ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁকে প্রধান আসামি করে প্রায় ১৫০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মিথ্যা মামলা করে পুলিশ।মজির আহমদ আরও বলেন, গতকাল এলাকার লোকজন মোটরসাইকেল শোভাযাত্রা করে তাঁকে অভ্যর্থনা জানাতে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান এম আর ব্রিক ফিল্ডে যাওয়ার সময় পুলিশ অবৈধভাবে বাধা দেয় এবং প্রায় শতাধিক মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।পরে মজির আহমদের নেতৃত্বে প্রায় আট-নয় হাজার লোক বিক্ষোভ মিছিল করেন। এ ছাড়া প্রায় ৬০০ মোটরসাইকেল নিয়ে মহড়া দেন। এর আগে গত ১৯ জুন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের দায়ে অনেক আগেই মজির আহমদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে মজির আহমদ বলেন, সাইফুল ইসলাম মিথ্যা অপবাদ দিয়ে তাঁকে হেয় করেছেন। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাসেম চৌধুরী বলেন, প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ১৫-১৬টি মোটরসাইকেল আটক করা হয়েছে।