বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ৭ জুলাই মানববন্ধন
হরতালের সময় গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৭ জুলাই বিভাগ ও জেলা শহরে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গত রোববার দেশব্যাপী হরতাল চলাকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সোমবার মুক্তাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে গ্রেপ্তার হওয়া সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান।গতকাল বৃষ্টির মধ্যেও বেলা তিনটার দিকে ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে মিছিল নিয়ে নেতারা মুক্তাঙ্গনে আসেন। তবে দুপুর থেকে পুলিশ মুক্তাঙ্গন এলাকা ঘিরে থাকে। ফলে নেতা-কর্মীরা সমাবেশস্থলে ঢুকতে পারছিলেন না। অবশ্য বেলা সাড়ে তিনটার দিকে পুলিশ সমাবেশস্থল থেকে সরে দাঁড়ায়। এরপর বিএনপি নেতা-কর্মীরা সেখানে প্রবেশ করে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, সরকার পুলিশকে বাধ্য করছে তাদের পক্ষে কাজ করার জন্য। এই সরকার ছাত্রলীগের দায়িত্ব নিচ্ছে না। অথচ পুলিশও ছাত্রলীগের কর্মীদের গ্রেপ্তার করছে না। তিনি প্রশ্ন করেন, তাহলে ছাত্রলীগের শক্তি উৎস কোথায়।খোন্দকার দেলোয়ার বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতালকে ব্যর্থ বলেছেন। ছাত্রলীগের সঙ্গে তাঁদের সম্পর্ক না থাকার কথা বলেছেন। কিন্তু সৈয়দ আশরাফের এই কথা বিশ্বাসযোগ্য নয়। জনগণ তাঁর বক্তব্যে হতবাক হয়েছে।বিএনপির মহাসচিব বলেন, সরকারের উচিত নির্যাতনের পথ পরিহার করা, সংসদকে কার্যকর করা। তিনি বলেন, ‘বিএনপির নাম শুনলেই গা জ্বালা করা থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ এই সরকারকে ‘না’ করে দিয়েছে। সরকারের উচিত জনগণের মতের প্রতিফলন দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করা। দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বলেন, ‘সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী শাহবাগে পিকেটিং করছিলেন। তখন তাঁর ওপর ছাত্রলীগ হামলা করে।’বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, আবদুল মইন খান প্রমুখ বক্তব্য দেন।