বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক কূটনীতিকদের
ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনীতিকেরা বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খানের বাসায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ বৈঠক শুরু হয়। রাত সাড়ে নয়টার পরে বৈঠক শেষ হয়।
দেশের বর্তমান অবস্থায় বিএনপির রাজনৈতিক অবস্থান জানতে এ বৈঠক হয়েছে বলে একটি সূত্রে জানিয়েছে। তবে বৈঠক শেষে আলোচ্য বিষয় নিয়ে কূটনীতিক ও বিএনপির নেতারা কেউ কোনো কথা বলেননি।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, স্পেন, ফ্রান্স, সুইডেন, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার ও কানাডার পলিটিক্যাল অ্যাটাশে উপস্থিত ছিলেন।
মঈন খান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া ও দলটির স্বনির্ভরবিষয়ক সম্পাদক রহুল কুদ্দুস তালুকদার বৈঠকে উপস্থিত ছিলেন।
এর আগে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানান ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকেরা।
এদিকে গতকাল রাতে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনের বাসায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, প্রধানমন্ত্রীর নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারপারসন এইচ এম এরশাদ, জাপা নেতা জি এম কাদের প্রমুখ নৈশভোজে অংশ নেন। তবে তাঁদের মধ্যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না জানা যায়নি।