বিএনপি নেতার ইটভাটা আ.লীগ নেতার দখলে
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আওয়ামী লীগের এক নেতা বিএনপির এক নেতার ইটভাটা দখল করে ইট তৈরি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা ঘটেছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার ফুলকাচিয়া গ্রামে। এ ঘটনায় বিএনপির নেতা আদালতে মামলা করেছেন।মামলা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উপজেলার কাচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল আমিন বোরহানউদ্দিন পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমানের একটি ইটভাটা দখল করে নেন। নূরুল আমিন উপজেলার ফুলকাচিয়া এলাকায় স্থাপন করা ‘মিমু ব্রিকস’ নামের ওই ভাটাটির বৈধতা নেওয়ার চেষ্টা করলে ২ নভেম্বর সাইদুর রহমান ভোলা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত তখন ভাটার সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং নূরুল আমিনকে কারণ দর্শানোর নোটিশ দেন। কিন্তু নূরুল আমিন ওই স্থগিতাদেশ উপেক্ষা করে ইট তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। গত শনিবার সরেজমিনে এ অভিযোগের সত্যতা পাওয়া যায়। সাইদুর রহমান অভিযোগ করেন, রং দিয়ে মিমু ব্রিকসের নামফলক মুছে একই জমিতে নতুন ইটভাটা নির্মাণের জন্য নূরুল আমিন লাইসেন্স চেয়ে আবেদন করেন। ২৪ অক্টোবর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ওই ইটভাটার জমিটি পরিদর্শন করতে আসেন। ম্যাজিস্ট্রেট মিমু ব্রিকসের নামফলক মুছে সেখানে মিহান ব্রিকস লেখা দেখতে পান। এ সময় ম্যাজিস্ট্রেট উভয় পক্ষের লোকজনের অভিযোগ শোনেন এবং বিএনপি নেতাকে ভোলা জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করতে বলেন।আওয়ামী লীগ নেতা নূরুল আমিন বলেন, ‘সাইদুর রহমান ও আমার পরিবার চারদলীয় জোট সরকারের সময় উপজেলার ফুলকাচিয়া গ্রামে যৌথ মালিকানায় একটি ইটভাটা নির্মাণ করে। কিন্তু কিছুদিন পর ভাগবাটোয়ারা নিয়ে তাঁর সঙ্গে আমার পরিবারের দ্বন্দ্ব হয়। পরে সাইদুর রহমান ইটভাটাটি আমাদের চালাতে বলেন। আমরা এটি জোর করে দখল করিনি।’নূরুল আমিন দাবি করেন, ‘সাইদুর রহমান ভাটার লাইসেন্সটি নিজের নামে করেছেন। ওই লাইসেন্সের আওতায় বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নিয়েছেন তিনি। এ কারণে আমাদের ইটভাটা চালাতে সমস্যা হয়। এ জন্য আমি প্রশাসনের কাছে মিহান ব্রিকস নামে নতুন একটি ইটভাটা নির্মাণের জন্য লাইসেন্স চেয়ে আবেদন করেছি। ইতিমধ্যে আদালতের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা।’ তাঁর কাছে যৌথ মালিকানার কাগজপত্র আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এ সমস্যা সমাধানে তিনি আদালতে যাবেন। বিএনপি নেতা সাইদুর রহমান দাবি করেন, ‘নূরুল আমিনের পরিবার ১০ বছরের জন্য (২০০৫-২০১৪) ওই জমিটি আমাকে লিজ দিয়েছে। তাদের পরিবারের সঙ্গে আমি যৌথ মালিকানায় ইটভাটার ব্যবসা করিনি।’