বিএনপি নেতার ওপর হামলা
চট্টগ্রাম মহানগরের লালখান বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি ও খুলশী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন।
গতকাল রোববার দুপুরে নগরের গরীবুল্লাহ মাজারসংলগ্ন ডেবারপাড় এলাকার একটি মসজিদের অদূরে এই সন্ত্রাসী ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে জোহরের নামাজ পড়ে ডেবারপাড় এলাকার একটি মসজিদ থেকে বেরিয়ে আসেন শাহ আলম। এরপর মসজিদের অদূরে তাঁর ওপর চড়াও হয় স্থানীয় দুর্বৃত্তরা। তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও কিরিচ ছিল।
চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন এই সন্ত্রাসী ঘটনার জন্য ছাত্রলীগের দুর্বৃত্তদের দায়ী করে বিবৃতি দেন। তাঁরা বলেন, বিরোধী দলের দমন-পীড়নের অংশ হিসেবে ছাত্রলীগ এই সন্ত্রাসী কাণ্ড ঘটিয়েছে। দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
প্রত্যক্ষদর্শীরা আরও জানান, অস্ত্রধারী যুবকেরা তাঁর দিকে দুটি গুলি করে। এতে তাঁর হাত ও পায়ে গুলি দুটি বিদ্ধ হয়। এ ছাড়া কিরিচ দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করা হয়। এতে তিনি মাথা ও মুখমণ্ডলে আঘাত পান। গুরুতর অবস্থায় তাঁকে মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর শরীরে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর শাহ আলমকে অজ্ঞাত আরেকটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুল ইসলাম ভূঞা প্রথম আলোকে বলেন, ‘হামলাকারীদের তিনজনের পরিচয় আমরা পেয়েছি। দুজন বিএনপি এবং অন্যজন ছাত্রলীগ-সমর্থক। হামলাকারীদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে।’
হামলার কারণ জানতে চাইলে ওসি মাইনুল ইসলাম ভূঞা বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে শাহ আলমের ওপর হামলা হয়েছে। বিভিন্ন কারণে শাহ আলমের বিরুদ্ধে এলাকার একটি গোষ্ঠী তৎপর ছিল।
আহত শাহ আলমের স্ত্রী সানোয়ারা আলম প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামী রাজনীতি করেন। এটাই তাঁর অপরাধ। এ কারণে তাঁকে একের পর এক মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। এখন তাঁকে মেরে ফেলারও চেষ্টা করা হচ্ছে।’
সানোয়ারা বেগম আরও বলেন, ‘হামলাকারীরা স্থানীয় এলাকার বাসিন্দা। রফিকের ছেলের নেতৃত্বে কয়েকজন যুবক আমার স্বামীর ওপর চড়াও হয়। ওরা গুলি ছুড়ে এবং কুপিয়ে আমার স্বামীকে আহত করে।’
স্থানীয় সূত্র জানায়, গত সিটি করপোরেশন নির্বাচনে শাহ আলম বিএনপি-সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিনি দ্বিতীয় হন। চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদের ভগ্নিপতি তিনি। শাহ আলমের বিরুদ্ধে এলাকায় জায়গাজমি বেদখলের অভিযোগ রয়েছে। শিপিং ব্যবসায়ী জাকির হত্যা মামলার তিনি অভিযোগপত্রভুক্ত আসামি।