বংশী নদী দূষণের অপরাধে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আনোয়ার হোসেনের প্রতিষ্ঠান অলি নিটিং অ্যান্ড ডায়িংকে ৫৮ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর সাভার এলাকায় আকস্মিক অভিযান চালানোর পর এই জরিমানা করে। এই প্রতিষ্ঠানের ১৩ বছর ধরে কোনো পরিবেশ ছাড়পত্র নেই। এ ছাড়া কারখানায় বর্জ্য পরিশোধন যন্ত্র (ইটিপি) থাকলেও তা বন্ধ। এই অভিযোগ আনা হয়েছে সাবেক সাংসদের মালিকানাধীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সাভারের পরিবেশ অধিদপ্তরের ওই অভিযানে ঝুমকা টেক্সটাইলকেও সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাভারের গণকবাড়ী ও কর্ণপাড়ায় অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর দেখে, কারখানা দুটি থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত বর্জ্য বংশী নদীতে সরাসরি ফেলা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী র্যাব-২-এর একটি দলের সহায়তায় এই আকস্মিক অভিযান চালান। তাঁরা দেখেন, অলি নিটিং অ্যান্ড ডায়িংয়ে কাজ চলছে ইটিপি সম্পূর্ণ বন্ধ রেখে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী আনোয়ার হোসেন এ ব্যাপারে বলেন, ২০১০ সালের সেপ্টেম্বরে তাঁর প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছিল। গত ৫ জুলাই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বন্ধ হয়ে যায়। বিষয়টি পরিবেশ অধিদপ্তরকে মৌখিকভাবে অবহিত করা হলেও তারা বিষয়টি আমলে নেয়নি। ৫৮ লাখ টাকা জরিমানা দেওয়ায় প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন পরিশোধ করা কঠিন হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। অপরদিকে ঝুমকা টেক্সটাইল মিলে দেখা যায়, সেখানেও ইটিপি বন্ধ রেখে উৎপাদন কাজ চলছে এবং অপরিশোধিত বর্জ্য কর্ণপাড়া খালের ভেতর দিয়ে ধলেশ্বরী নদীতে পড়ছে। ঘটনাস্থলে কারখানার কর্মকর্তাদের আটক করে ইটিপি পরীক্ষা করা হয়। এ দুটি কারখানার কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে পরিবেশদূষণের অভিযোগ স্বীকার করেন এবং দূষণের জন্য ক্ষমা চান। অলি নিটিং অ্যান্ড ডায়িং ১৩ বছর এবং ঝুমকা টেক্সটাইল এক বছর যাবৎ পরিবেশ ছাড়পত্র নবায়ন ছাড়া উৎপাদন কাজ চালিয়ে যাচ্ছে।