বিএনপি নেতার ঘাট দখলে নিলেন আ.লীগ নেতা!
বরিশালের হিজলা উপজেলার ধূলখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সহসভাপতি মো. মকবুল দপ্তরীর মাছ ঘাট দখল করা হয়েছে। আওয়ামী লীগের এক নেতা শনিবার এগুলো দখলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের ওই নেতার নাম এ কে এম জসিম উদ্দিন। তিনি দলটির ধূলখোলা ইউনিয়ন শাখার সভাপতি। বিএনপি নেতা মকবুল দপ্তরী দাবি করেন, মেঘনা নদী তীরের বেথুয়া গ্রামের ৯ ও ১০ নম্বর ঘাটে অনেক বছর ধরে তিনি মাছের ব্যবসা করছেন। তিনি অভিযোগ করেন, শনিবার বেলা ১১টার দিকে জসিম উদ্দিন ও কালামের নেতৃত্বে ১৮ জন লোক তাঁর দুই ঘাটে হামলা চালায় এবং একটি ঘাটে থাকা আড়ত ভেঙে ফেলে। পরে তারা ওই ঘাট দুটি দখলে নেয়। এ ঘটনা তিনি হিজলা থানার ওসিকে জানিয়েছেন। কিন্তু ওসি কোনো ব্যবস্থা নেননি।আওয়ামী লীগ নেতা এ কে এম জসিম উদ্দিন বলেন, ‘মকবুল দপ্তরী আমার জায়গায় অনেকগুলো ঘর তুলে ব্যবসা করছিলেন। তিনি ওই জায়গার কোনো খাজনাপাতি ও ভাড়া দেন না। আমি তাঁকে ওই ঘাট ও স্থাপনা অন্যত্র সরিয়ে নিতে বলেছি। আমি কোনো ঘাট দখল বা ভেঙে ফেলিনি।’এ বিষয়ে মকবুল দপ্তরী বলেন, ‘ওই জমির কিছু অংশ আমার এবং কিছু অংশ সরকারি। আমি জসিম উদ্দিনের জমিতে ঘাট করিনি।’হিজলা থানার ওসি মো. শাহ আলম হাওলাদার জানান, জমি নিয়ে বিরোধ হয়েছে। বিষয়টি ধূলখোলা ইউপি চেয়ারম্যান তাঁকে মৌখিকভাবে জানিয়েছেন। লিখিত অভিযোগ না পাওয়ায় সেখানে যাওয়া হয়নি।