বিএনপি নেতার জামিন বাতিলে আদালতে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ি পোড়ানোর ঘটনায় দ্রুত বিচার আইনে করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আসলাম চৌধুরীর জামিন নামঞ্জুর হয়েছে। এরপর তাঁকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। চট্টগ্রাম মহানগর হাকিম আলী মনসুর গতকাল রোববার শুনানির পর তাঁর জামিন নামঞ্জুর করেন। এ সময় আদালতে তুমুল হট্টগোল হয়। এই আদেশের জের ধরে সীতাকুণ্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে ফৌজদারহাট এলাকায় আসলাম চৌধুরীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা এই হামলা চালিয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আদালত সূত্র জানায়, দ্রুত বিচার আইনের মামলায় আসলাম চৌধুরী গতকাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গতকালই তিনি আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। মহানগর হাকিম শুনানির পর তাঁর জামিন আবেদন বাতিল করেন। এ সময় একই মামলায় নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম, শেখ রাসেল ও নগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস কে খোদা তোতন আদালতে হাজির হন। তাঁদের জামিন আগামী ধার্য তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। আসামির কৌঁসুলি কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মহানগর হাকিম আলী মনসুর প্রথমে সবার জামিন বাতিল করেন। এর জের ধরে এজলাসে হইচই হলে হাকিম চেয়ার ছেড়ে খাস কামরায় চলে যান। এরপর আমরা মুখ্য মহানগর হাকিমের কাছে গিয়ে এ বিষয়ে নালিশ দিলে তিনি বিষয়টি দেখবেন বলে আমাদের আশ্বাস দেন। ২০ মিনিট পর মহানগর হাকিম আলী মনসুর আবার এজলাসে এসে আসলাম চৌধুরীর জামিন বাতিল ও অন্যদের জামিন বাতিলের আদেশ প্রত্যাহার করেন।’আইনজীবীরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আলী মনসুরের আদালতে বিএনপি নেতাদের জামিন শুনানির পর তুমুল হই চই হয়। বিএনপি সমর্থিত আইনজীবীরা মহানগর হাকিম আলী মনসুরের সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত কিছু সরকারি কৌঁসুলিকে সুর মেলাতে দেখা গেছে। হট্টগোলের সময় বিএনপি সমর্থিত আইনজীবীরা অভিযোগ করেন, বিচারক একই মামলায় দুই ধরনের আদেশ দিয়েছেন। একবার আদেশ দিয়ে আবার মুখ্য মহানগর হাকিমের হস্তক্ষেপে সেই আদেশ পরিবর্তন করেছেন। সড়ক অবরোধ ঃ এদিকে বিএনপি নেতা আসলাম চৌধুরী জামিন বাতিল হওয়ার প্রতিবাদে গতকাল রোববার প্রায় এক ঘন্টা বিচ্ছিন্নভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ ও যানবাহন ভাঙচুর করেছে বিএনপিকর্মীরা। এসময় পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে দুই পুলিশসহ অন্তত পাঁচজন আহত হন। সীতাকুন্ডের ফৌজদারহাট স্টেশন এলাকায় আসলাম চৌধুরীর পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে তিনটার দিকে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে বিএনপি কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। এসময় তাঁরা বিভিন্নস্থানে মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। মহাসড়কের ফৌজদারহাট স্টেশন, পন্থিছিলা, ভাটিয়ারী, বাড়বকুণ্ড, সীতাকুণ্ড বাইপাস এলাকায় বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধ করা হয়। তবে পুলিশের তৎপরতায় তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। এসময় কর্মীরা বিভিন্ন অলিগলি থেকে পুলিশের দিকে ইট পাটকেল ছুড়ে মারে। এতে ছলিমপুর এলাকায় দুই পুলিশ আহত হন। ঘটনার সময় বিভিন্নস্থানে চার পাঁচটি যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে। মহাসড়ক অবরোধের কারণে দুরপাল্লার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরিদউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘পরিস্থিতি শান্ত আছে। পুলিশ মোতায়েন রয়েছে। বিকেলের দিকেই রাস্তায় যানবাহন চালু করে দিয়েছি।’