বিএনপি নেতার দোকান দখল, যুবলীগ কার্যালয়ের সাইনবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর বাজারে ১৩ জুলাই গভীর রাতে তালা ভেঙে বিএনপির নেতার দোকান দখলে নিয়েছেন নাজিরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল। দখলের পর সেখানে যুবলীগ কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন। এ নিয়ে ভুক্তভোগী বিএনপির নেতা নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও পুলিশ আমলে নেয়নি।নজরুল ইসলাম জানান, তিনি নাজিরপুর ইউনিয়ন পরিষদ থেকে ২০০৯ সালের ৩ মে ওই দোকান দুই লাখ ১০ হাজার টাকায় কিনে নেন। এর পর থেকে এটি তাঁর দখলে রয়েছে। কিন্তু ১৩ জুলাই গভীর রাতে যুবলীগের নেতা উজ্জ্বলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর দোকানের তালা ভেঙে অবৈধ দখলে নিয়ে যুবলীগের সাইনবোর্ড টাঙিয়ে দেন। নৈশপ্রহরীরা জানান, দোকানঘরের তালা ভাঙার সময় নিষেধ করলেও তাঁরা কথা শোনেননি। উপরন্তু ভয়ভীতি দেখিয়েছেন।নজরুল ইসলাম জানান, ঘটনার পর থানায় একটি লিখিত অভিযোগ দিতে গেলেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম অভিযোগটি আমলে না নিয়ে আপস করার কথা বলে বিদায় করেন।নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আশরাফ আলী বলেন, বিধিসম্মতভাবে নজরুল ইসলামের কাছে দোকানঘরটির পজেশন বিক্রি করা হয়েছে। কিন্তু দলীয় দাপটে যুবলীগের সন্ত্রাসীরা এর জবরদখল করেছে। মুঠোফোনে গতকাল সোমবার সকালে যোগাযোগ করা হলে, অভিযুক্ত উজ্জ্বল দাবি করেন, নজরুলের দোকানঘরের বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। তাই দখলে নিয়ে যুবলীগের কার্যালয় করা হয়েছে।যোগাযোগ করা হলে মুঠোফোনে থানার ওসি দাবি করেন, জমিজমা নিয়ে থানার কিছু করার থাকে না। তার পরও কাগজপত্র নিয়ে বিষয়টি নিষ্পত্তি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গুরুদাসপুর পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ আলী মোল্লা বলেন, নাজিরপুর ইউপির চেয়ারম্যান আশরাফ আলী অবৈধ পন্থায় দোকানঘরটি লিজ দেওয়ায় যুবলীগের ছেলেরা তা দখলে নিয়েছে।