বিএনপি নেতার পদত্যাগ, আ.লীগ নেতা বহিষ্কৃত
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু সুফিয়ান মজুমদার (রানা) দল থেকে পদত্যাগ করেছেন। উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন না পেয়ে তিনি পদত্যাগ করেছেন বলে দলটির একটি সূত্র জানিয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নেতা-কর্মীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ এনে রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ইউসুফ ব্যাপারীকে বহিষ্কার করা হয়েছে।
জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক ও সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ বরাবর গত সোমবার আবু সুফিয়ান পদত্যাগপত্র জমা দেন। এর অনুলিপি উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান খান ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লার বরাবরে পাঠানো হয়েছে।
আবু সুফিয়ান তাঁর পদত্যাগপত্রে অভিযোগ করেছেন, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় বিএনপির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক তৃণমূল নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে নামে মাত্র কিছু নেতাকে প্রাধান্য দিয়ে দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। উপজেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মতামত না নিয়ে তিনি নিজের ইচ্ছামতো দল পরিচালনা করেন এবং নেতা-কর্মীদের তা মানতে বাধ্য করেন। এ কারণে তিনি পদত্যাগ করেছেন।