বিএনপি নেতার প্রতিষ্ঠানে ‘যুবলীগ’ কর্মীদের হামলা
দরপত্র জমা দেওয়া নিয়ে বিরোধের জেরে ‘যুবলীগের কর্মীরা’ খুলনা নগরে বিএনপির এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার নগরের সোনাডাঙ্গা থানার নিউমার্কেটসংলগ্ন প্রান্তিক মার্কেটের পাশে এস এফ কনস্ট্রাকশন নামের ওই প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা সোয়া ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে করে ২০-২৫ জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী খুলনা মহানগর ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেনের ঠিকাদারি প্রতিষ্ঠান এস এফ কনস্ট্রাকশনে ঢোকে। এ সময় তারা শেখ ফারুক হোসেনকে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে তারা ওই প্রতিষ্ঠানের প্রকৌশলী মোশাররফ হোসেন ও দারোয়ান মো. হাবলুকে মারধর করে। চলে যাওয়ার সময় তারা ওই প্রতিষ্ঠানের জানালার কাচ, চেয়ার-টেবিল, আসবাব ও কার্যালয়ের সামনে থাকা ফারুক হোসেনের ব্যক্তিগত গাড়ির কাচ ভাঙচুর করে।বিএনপির নেতা ফারুক হোসেন অভিযোগ করেন, ‘খুলনা বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয় নির্মাণের জন্য তিনি শিডিউল কেনেন। আজই (গতকাল সোমবার) দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে আমার মুঠোফোনে খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক আনিসুর রহমান ও ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুলু বিশ্বাস ফোন করেন। তাঁরা আমাকে দরপত্র জমা দিতে নিষেধ করেন। এ সময় আমি তাঁদের রোববার দরপত্র জমা দিয়েছি বলে জানাই। কিন্তু তাঁরা তা মানতে রাজি না হয়ে বারবার দরপত্র জমা দিতে নিষেধ করেন। কিছুক্ষণ পর বেলা সোয়া ১১টায় যুবলীগের একদল সন্ত্রাসী এসে আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালায়।’যুবলীগের নেতা আনিসুর রহমান বলেন, ‘ফারুকের সঙ্গে টেন্ডার নিয়ে বা অন্য কোনো বিষয়ে কোনো দিনই টেলিফোনে বা মুঠোফোনে কথা হয়নি। আমার নাম ভাঙিয়ে কেউ তাঁকে কিছু বলেছে কি না, তা আমি বলতে পারব না। আমার বিরুদ্ধে ফারুকের যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা।’আওয়ামী লীগের নেতা বুলু বিশ্বাস বলেন, ‘ফারুকের সঙ্গে আমার টেন্ডারের বিষয়ে কোনো কথাই হয়নি। তা ছাড়া আমি এ বিষয়ে কিছুই জানি না।’কিছুদিন আগে গণপূর্ত অধিদপ্তর, খুলনা-১-এর অধীনে খুলনা বিভাগীয় হিসাবরক্ষণ কার্যালয় নির্মাণের জন্য পাঁচ কোটি ৭৭ লাখ টাকার দরপত্র আহ্বান করা হয়।