বিএনপি নেতার বাগানের শতাধিক গাছ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে এক বিএনপি নেতার বাগানের শতাধিক চারা গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলা জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
বারইয়ারহাট পৌর বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন জানান, এক বছর আগে খিলমুরালী গ্রামে ৫০ শতক জমিতে তিনি একটি বাগান করেন। বাগানে আকাশমণি, মেহগিনিসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। এ ছাড়া বাগানের পাশে প্রায় ১০ শতক জমিতে তিনি সবজি চাষ করেন। গত রোববার রাতে কে বা কারা তাঁর বাগানের এক বছর বয়সী আকাশমণি জাতের প্রায় শতাধিক গাছ কেটে ফেলে। এ ছাড়া তারা সবজি ক্ষেতের বেগুন, কুমড়া, মরিচগাছ কেটে ফেলে। তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিনকে জানিয়েছেন।
তিনি আরও জানান, তাঁর বড় ভাই নূর উদ্দিন সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচনে বিএনপি-সমর্ির্থত চেয়ারম্যান প্রার্থী নুরুল আমিনের এজেন্ট ছিলেন। এতে দুর্বৃত্তরা ক্ষিপ্ত হয়ে এ নাশকতা করেছে।
এ ব্যাপারে জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল উদ্দিন বলেন, আমাকে গাছ কাটার ঘটনাটি মৌখিকভাবে জানানো হয়েছে। আমি থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন বলেন, এটা নির্বাচন-পরবর্তী সহিংসতা। এদের কঠোর শাস্তি হওয়া উচিত।