বিএনপি নেতার বাসায় ডাকাতি, দেড় কোটি টাকার মাল লুটের অভিযোগ
বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ব্যবসায়ী আতাহার আলীর বাসায় ডাকাতি হয়েছে। পরিবারের অভিযোগ, ডাকাতেরা অস্ত্রের মুখে দেড় কোটি টাকারও বেশি মূল্যের মাল লুটে নিয়ে গেছে। তাদের রামদার কোপে আতাহার আলীর জামাতা গুরুতর আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নয়মাইল বাজারে এ ঘটনা ঘটে। আতাহারের জামাতা মোহসেন আলীকে (৪০) আশংকাজনক অবস্থায় প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।
আতাহার আলী জানান, নয়মাইল বাজারে তাঁর সার, জ্বালানি তেল এবং মুরগির খাবারের ব্যবসা রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই তাঁর বাসা। রাতে ডাকাতদল ঢুকে অস্ত্রের মুখে বাসার সবাইকে জিম্মি করে। এরপর তারা নগদ প্রায় পাঁচ লাখ টাকা, ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার, লাইসেন্স করা একটি একনলা বন্দুক এবং তিনটি মুঠোফোনসহ অন্যান্য মাল লুট করে। ডাকাতেরা তাঁর মেয়ের জামাই মোহসেন আলীকে কুপিয়ে জখম করে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘মালামাল ও বন্দুক উদ্ধারের চেষ্টা চলছে।’