বিএনপি নেতার বাড়ি গুঁড়িয়ে লুটপাট আ.লীগ নেতার!
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির এক নেতার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ-সমর্থিত এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে উপজেলার কল্যাণদী খোচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রের বিবরণ অনুযায়ী, কল্যাণদী খোচপাড়া গ্রামে বিএনপির নেতা হিসেবে পরিচিত বেনু মিয়ার সঙ্গে একই এলাকার গিয়াসউদ্দিনের জমিসংক্রান্ত বিরোধ চলছে। এই বিরোধের কারণে সম্প্রতি সালিসে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচিত স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কাইয়ুম বিএনপির বেনু মিয়াকে তাঁর দখলে থাকা বাড়ি ছেড়ে যেতে বলেন। বেনু মিয়া বাড়ি ছেড়ে না দেওয়ায় মঙ্গলবার সকালে প্রতিপক্ষ গিয়াসউদ্দিনের পক্ষ নিয়ে কাইয়ুমের নেতৃত্বে একদল সন্ত্রাসী বেনু মিয়ার বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা হাতুড়ি ও শাবল দিয়ে আধা পাকা ঘর ভেঙে ফেলে এবং মালামাল লুট করে নিয়ে যায়। প্রাণভয়ে বেনু মিয়া পালিয়ে যান।বেনু মিয়ার স্ত্রী রোকেয়া (৩৫) বলেন, সন্ত্রাসীরা তাঁকে এবং তাঁর স্কুলপড়ুয়া ছেলে ও মেয়েকে অস্ত্রের মুখে একটি কক্ষে জিম্মি করে আধা পাকা ভবন ভেঙে ফেলে এবং ঘরে থাকা রঙিন টেলিভিশন, ৮০ হাজার টাকা, তিন ভরি ওজনের স্বর্ণালংকারসহ যাবতীয় মালামাল লুট করে নিয়ে যায়।তবে গিয়াসউদ্দিন বলেন, ‘বিএনপির বিগত শাসনামলে আমার ওপর হামলা চালিয়ে বেনু মিয়া আমার এই জায়গা দখল করে নিয়েছিলেন।’কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বেনু মিয়ার বাড়ির কিছু অংশ গিয়াসউদ্দিনের জায়গায় পড়ায় আমি সমাজের কয়েকজনকে সঙ্গে নিয়ে দালানটি ভাঙার নির্দেশ দিয়েছি। তবে লুটপাটের কোনো ঘটনা ঘটেনি।’