বিএনপি নেতার বাড়িতে ডাকাতি বন্দুক ও টাকা লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সহসভাপতি ও ব্যবসায়ী আতাহার আলীর বাসায় গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতদের হামলায় আতাহার আলীর জামাতা মোহসেন আলী (৪০) আহত হয়েছেন। তারা ওই বাড়ি থেকে একটি বন্দুক, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

আতাহার আলী জানান, নয়মাইল বাজারে তাঁর রাসায়নিক সার, জ্বালানি তেল এবং মুরগির খাদ্যের দোকান রয়েছে। ব্যবসাপ্রতিষ্ঠানের পাশেই তাঁর বাসা। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে একদল অস্ত্রধারী ডাকাত প্রাচীর টপকে তাঁর বাসায় ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর তারা আলমারি ভেঙে প্রায় পাঁচ লাখ টাকা, ২৫ ভরি স্বর্ণালংকার, লাইসেন্স করা একটি বন্দুক এবং তিনটি মুঠোফোন  লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতেরা তাঁর জামাতা মোহসেন আলীকে কুপিয়ে জখম করে। এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা করা হয়েছে।

 ঘটনার পর স্থানীয় লোকজন মোহসেন আলীকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।