বিএনপি নেতার বাড়িতে হামলা আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার চাচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অজিউল্যাহ হাওলাদারের বাড়িতে গতকাল শনিবার আওয়ামী লীগের এক কর্মীর নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত তিনজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও অজিউল্যাহ হাওলাদারের বিবরণ অনুযায়ী, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. শাজাহানের ছোট ভাই আওয়ামী লীগের কর্মী সালাউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা দিয়ে অজিউল্যাহর বাড়ির তিনটি ঘরের টিন কুপিয়ে ঝাঁঝরা করে। পরে তারা ঘরে ঢুকে আসবাব ভাঙচুর ও একপর্যায়ে তাঁর মেয়ে মুক্তা বেগমকে (২৮) কুপিয়ে জখম করে তাঁর স্বর্ণালংকার লুট করে। এরপর ভাই সফিউল্যাহকে পেটানো হয়। এ সময় তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে নাজমার পেটে তারা লাথিও মারে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তিনজনকে গুরুতর অবস্থায় চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।