বিএনপি নেতার বাড়ির জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি ও নীলগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মালেক খানের বসতবাড়ির ১৯ শতাংশ জমি দখল করে সেখানে ঘর তোলা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দুপুর থেকে আওয়ামী লীগের সমর্থক স্থানীয় সুজাউদ্দিন মুন্সী ও তাঁর অপর ছয় ভাই কলাপাড়া পৌর শহরের ৬ নন্বর ওয়ার্ডের মঙ্গলসুখ সড়ক এলাকায় এই দখল প্রক্রিয়া চালান।আবদুল মালেক খান বলেন, ‘আমি প্রায় ৫২ বছর ধরে কলাপাড়া পৌর শহরের মঙ্গলসুখ সড়ক এলাকার খেপুপাড়া মৌজার জমিতে ঘর তুলে পরিবার-পরিজনসহ বসবাস করছি। এখানে এক একর সাড়ে ১৬ শতাংশ জমির মালিক আমি। অথচ রোববার দুপুরে সুজাউদ্দিন মুন্সী ও তাঁর ভাইয়েরা স্থানীয় একদল সন্ত্রাসী নিয়ে রাস্তার পূর্ব পাশে আমার বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে জমি দখল করে ঘর তুলতে শুরু করেন। আমি এ ব্যাপারে কলাপাড়া থানায় ওই দিনই সাধারণ ডায়েরি করেছি। কিছু দিন আগে হঠাৎ আমার বাড়ির জমি মো. সুজাউদ্দিন মুন্সী ও তাঁর ভাইয়েরা দাবি করলে আমি আদালতে মামলা করি এবং বর্তমানে ওই জমিতে আদালতের স্থিতাবস্থা রয়েছে। ওই জমি নিয়ে স্থানীয়ভাবে ২০১০ সালের ৩০ আগস্ট সালিস-বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। সেখানেও আমি রায় পেয়েছি। কিন্তু তারপরও তাঁরা এ দখল প্রক্রিয়া চালিয়েছে।’মো. সুজাউদ্দিন মুন্সী বলেন, ‘উক্ত দাগ ও খতিয়ানে ৬১ শতাংশ জমির মালিক আমি এবং আমার ভাইয়েরা। আর আবদুল মালেক খান সাড়ে ৩৯ শতাংশ জমির মালিক। অথচ তিনি ৫৮ শতাংশ জমি ভোগদখল করছেন। সে অনুযায়ী আমরা আমাদের জমিতেই ঘর তুলেছি। মালেক খানের জমি আমরা দখল করিনি।’কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসাহাক আলী বলেন, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।