বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের খেলার মাঠ ভাড়ার তিন লাখ টাকা বিএনপির এক নেতা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অনেকে জানান, মাঠ কমিটি ও জয়কা ইউনিয়ন বিএনপির সদস্য আশরাফ উদ্দিন মাঠ ভাড়ার ওই টাকা আত্মসাৎ করেছেন। আশরাফ এলাকায় প্রভাবশালী হওয়ায় তাঁর বিরুদ্ধে কেউ কথা বলতে পারছে না। মাঠ কমিটির কোষাধ্যক্ষ আনার মিয়াসহ অন্য সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মাঠ কমিটি সূত্র জানায়, দুই মাস আগে বিবিয়ানা-ধনুয়া গ্যাসসঞ্চালন লাইন বসানোর ঠিকাদারি প্রতিষ্ঠান মাঠ কমিটির কাছ থেকে তিন লাখ টাকায় মাঠটি ভাড়া নেয়। পরে ওই কমিটির সদস্য আশরাফ ঠিকাদারদের কাছ থেকে ওই টাকা নিয়ে নিজের কাছে রাখেন। সিদ্ধান্ত অনুযায়ী টাকা কমিটির তহবিলে জমা দেওয়ার কথা। কিন্তু কমিটির সদস্যরা একাধিকবার বলার পরও এবং সালিস বৈঠক হলেও কমিটির তহবিলে টাকা জমা দেননি তিনি। উল্টো আশরাফ কমিটির সদস্যদের নানাভাবে হুমকি দিচ্ছেন। অভিযুক্ত আশরাফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি টাকা আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘মাঠ ভাড়ার টাকা আমার কাছে নেই।’