বিএনপি নেতার বিরুদ্ধে গাছ কেটে ও উপড়ে ফেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী পৌর এলাকার কামাগ্রাম মহল্লায় স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তার জমি থেকে তিনটি মেহগনিগাছ কেটে ও শতাধিক কলাগাছ উপড়ে নষ্ট করে ফেলার অভিযোগ পাওয়া গেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ওই কর্মকর্তা বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. ফরিদ হোসেন মিঞা জানান, ২০০৭ সালে কামারগ্রামের দুই ভাই শহীদুল ইসলাম ও ওহিদুল ইসলামের কাছ থেকে সাড়ে ৩৩ শতাংশ জমি কিনে মেহগনি ও কলাগাছ রোপণ করেন। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সকালে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল ব্যক্তি ওই জমিতে ঢুকে তিনটি মেহগনিগাছ কেটে ফেলে ও শতাধিক কলাগাছ উপড়ে ফেলে।‘আমার জায়গার কলাগাছ আমি তুলে ফেলেছি’—দাবি করে মো. সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি গত এপ্রিল মাসে ১২ শতাংশ জমি কিনেছি। স্বাস্থ্য কর্মকর্তা ওই জমি দখল করে রেখেছেন। এ জন্য আমি আমার অংশের গাছগুলো কেটে ফেলেছি।’ বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন জানান, গতকাল শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই বিএনপির নেতা নিজে জমিতে ঢুকে গাছগুলো নষ্ট করেছেন—এই অভিযোগের সত্যতা মিলেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।