বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন খানের বিরুদ্ধে প্রতিবেশীর ১১ শতক জমি দখল করে দেয়াল নির্মাণ ও ওই জমি থেকে ২০-২৫টি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জমির মালিক গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার আইনুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, মাহিলাড়া মৌজার ৫১ শতক জমির মালিক আইনুল ইসলাম। ৪২ বছর ধরে তিনি ওই জমিতে পাকা ভবন নির্মাণ করে বসবাস করে আসছেন। সেখানে তিনি বাগানও করেছেন। দুই-তিন বছর ধরে লোকমান হোসেন খান ওই বাড়ি কেনার প্রস্তাব দিচ্ছেন। কিন্তু ওই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তিনি ওই জমি কৌশলে দখল করার চেষ্টা চালান।

আইনুল অভিযোগ করেন, তিনি চিকিৎসা নিতে ঢাকায় গেলে ১৪ জুলাই লোকমান খান মাহিলাড়া মৌজার ১৬৫৭ নম্বর দাগের ৫ শতক ও ১৭২০ নম্বর দাগের ৬ শতক জমি দখল করে পাকা দেয়াল নির্মাণ শুরু করেন। এ ছাড়া বাগানের বিভিন্ন প্রজাতির ২০ থেকে ২৫টি গাছ কেটে বিক্রি করে দেন। খবর পেয়ে ২০ জুলাই বাড়িতে এসে কাজে বাধা দিলে লোকমান খানের ভগ্নিপতি মাহিলাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবদুর রব তাঁকে প্রাণনাশের হুমকি দেন। ওই দিনই তিনি বিষয়টি গৌরনদী থানায় লিখিতভাবে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণ ও গাছ কাটা বন্ধ রাখার লিখিত নির্দেশ দেয় এবং সাত দিনের মধ্যে কাগজপত্র দেখাতে বলে। কিন্তু বিএনপির নেতা ওই নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ ও গাছ কাটা অব্যাহত রাখেন।

লোকমান হোসেন খান দাবি করেন, ‘সাত বছর আগে আইনুল ইসলাম আমার কাছে ওই জমি বিক্রি করেছেন। আমি আমার জমিতে দেয়াল নির্মাণ করছি ও সেখান থেকে গাছ কেটে বিক্রি করেছি।’ জমির দলিল দেখতে চাইলে লোকমান জানান, আইনুল সই না দেওয়ায় জমির দলিলের কাজ শেষ করা যায়নি। এ কারণে তিনি দলিল দেখাতে পারবেন না।

আইনুল ইসলাম জমি বিক্রির কথা অস্বীকার করে বলেন, ‘দলিল দেখাতে পারলে আমি জমি ছেড়ে দেব।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, লোকমানকে কাজ বন্ধ রেখে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ওই নির্দেশ উপেক্ষা করে দেয়াল নির্মাণ করেছেন। তাই আইনুলকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।