বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় ধামসোনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুরের বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা করেছেন ওই তরুণী।
ধর্ষণের অভিযোগ অস্বীকার করে আবদুল গফুর বলেন, ওই তরুণী তাঁর ইউপি কার্যালয়ে কিছুদিন কাজ করার পর চলে গেছেন। এরপর আর তাঁর সঙ্গে দেখা হয়নি।
ওই তরুণী জানান, চাকরির জন্য নাগরিক সনদপত্র আনতে গিয়ে গত মে মাসে গফুরের সঙ্গে তাঁর পরিচয় হয়। গফুর তাঁকে ধামসোনা ইউপি কার্যালয়ে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। তিনি সম্মতি জানালে ওই মাসেই তাঁকে নাগরিক সনদ লেখার দায়িত্ব দেওয়া হয়। এ জন্য তিনি জনপ্রতি ৫০ থেকে ১০০ টাকা করে পেতেন। পরে জরুরি প্রয়োজনের কথা বলে গফুর মুঠোফোনে কল করে ২১ মে বিকেলে আশুলিয়ার শ্রীপুর এলাকায় তাঁর (গফুর) মুক্তা সিএনজি স্টেশনে যেতে বলেন। গফুর তাঁকে স্টেশনের দ্বিতীয় তলায় ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে ধর্ষণ করেন।
তরুণীর অভিযোগ, ঘটনার পর তিনি একাধিকবার আশুলিয়া থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো তাঁর বিরুদ্ধে মামলার করার ভয় দেখান। এরপর তিনি আদালতে মামলা করেন।