বিএনপি নেতার বিরুদ্ধে নারীকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরায়ণগঞ্জ শহরের আমলপাড়া এলাকায় শুক্রবার বিকেলে এলাকার এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, নগর বিএনপির একাংশের গঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম সরদার ওই এলাকায় এক নারীকে মারধর করেন। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ এলাকাবাসী ঝাড়ুমিছিল করে এবং লাঠিসোঁটা নিয়ে নুরুল ইসলাম সরদারের বাসায় হামলার চেষ্টা চালায়।এলাকাবাসী ও পুলিশ জানায়, আমলাপাড়া এলাকায় দীর্ঘদিনের ব্যবহূত একটি রাস্তা সম্প্রতি বন্ধ করে দেয় একটি আবাসন প্রতিষ্ঠান। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। নুরুল ইসলাম সরদার ওই প্রতিষ্ঠানের অংশীদার বলে জানা গেছে। গতকাল বিকেলে নুরুল ইসলাম সরদার এলাকায় এলে স্থানীয় কয়েক শ নারী-পুরুষ তাঁর সঙ্গে দেখা করে রাস্তাটি বন্ধ না করার অনুরোধ করেন। এ সময় এলাকাবাসীর সঙ্গে নুরুল ইসলামের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে ওই নারী বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেন। এতে নুরুল ইসলাম সরদার ক্ষুব্ধ হয়ে ওই নারীকে জনতার উপস্থিতিতেই মারধর করেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে এবং নুরুল ইসলাম সরদারের বাড়িতে হামলা চালানোর চেষ্টা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।