বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি জায়গা দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে পূর্বহাটি গ্রামে সরকারি খাসজমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি সাইনবোর্ড টাঙিয়ে এবং ঘর নির্মাণ করে তিনি ওই জায়গা দখল করেন। গত মঙ্গলবার সরেজমিনে তদন্ত করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছেন কানুনগো ম্রাগ্য মারমা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর-মুরাদনগর সড়কের পাশে পূর্বহাটি গ্রামে প্রায় কোটি টাকা মূল্যের জায়গা দখল করে ফরদাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল মিয়া পূর্বহাটি গাবতলী বাজার এবং সিএনজি স্টেশন প্রতিষ্ঠা করেছেন। মঙ্গলবার উপজেলা কানুনগো ম্রাগ্য মারমা সরেজমিনে ওই এলাকা পরিদর্শন করে দখল করে প্রস্তাবিত বাজার এবং মার্কেট নির্মাণের সত্যতা পান। এ সময় তিনি দখলদারদের নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।প্রস্তাবিত পূর্বহাটি গাবতলী বাজারের জায়গার চার শতক ওই গ্রামের সংখ্যালঘু মনোরঞ্জন গোস্বামীর বলে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত রোববার তাঁর ছেলে বিজয় গোস্বামী মার্কেট নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ‘১৮৮২ দাগের পুকুরপাড়ের চার শতক জায়গা বিএনপির ওই নেতা দখল করে মার্কেট নির্মাণ করছেন, এ-সংক্রান্ত সব ধরনের কাগজপত্র আমাদের কাছে রয়েছে।’কানুনগো ম্রাগ্য মারমা বলেন, ‘সরেজমিনে পূর্বহাটি গিয়ে দখলের সত্যতা পেয়েছি। খাসজায়গায় মার্কেট নির্মাণ বন্ধ করে দেওয়া হয়েছে।’দখলদার জয়নাল মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মার্কেট নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘খাসজায়গা একটু থাকতে পারে। বাকিটা আমার বাবার কেনা জায়গা। সেখানেই মার্কেট নির্মাণ করছি। তবে কানুনগো সাহেব বাধা দিয়েছেন, প্রয়োজনবোধে আমরা সরকারের বিরুদ্ধে মামলা করব।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহেদ হোসেন বলেন, খাসজায়গায় মার্কেট নির্মাণের সত্যতা পাওয়া গেছে, যা অবৈধ। মার্কেটের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন দখলদারকে উচ্ছেদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।