বিএনপি নেতার বিরুদ্ধে ৫২টি গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার একটি সড়কের দুই পাশ থেকে গত ১০-১৫ দিনে ৫২টি গাছ কাটা হয়েছে। বিএনপির স্থানীয় এক নেতা ও তাঁর বাবা গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে এলাকাবাসী গত ২৪ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বন বিভাগ ও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গৌরনদী-শরিকল জিসিসিআর সড়কের দুই পাশে প্রায় ১৬-১৭ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে চাম্বল, মেহগনি, পাহাড়ি নিম, বাবলা, রেইনট্রিসহ নানা ধরনের গাছের চারা লাগনো হয়।এলাকাবাসীর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, নলচিড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. মজিদ ও তাঁর বাবা মো. চান মদ্দিন খান কয়েক দিন ধরে সড়কের বদরপুর ত্রিমুখী থেকে বদরপুর-নলচিড়া অংশ থেকে ছয়টি ও বদরপুর-হোসনাবাদ অংশের ৪৬টি গাছ কেটে প্রায় সাড়ে ছয় লাখ টাকায় বিক্রি করেন। গ্রামবাসীর চোখের সামনে এসব কেটে গোড়া মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়।গাছ ব্যবসায়ী মো. রাকিব হোসেন ও মো. মোতাহার মৃধা বিএনপির নেতার বাবা চান মদ্দিন খানের কাছ থেকে গাছ কেনার কথা স্বীকার করেছেন।বিএনপির নেতা আবদুল মজিদ ও তাঁর বাবা চান মদ্দিন খান দাবি করেন, তাঁরা তাঁদের জমি থেকে গাছ কেটে তা বিক্রি করছেন। জমির কাগজপত্র দেখতে চাইলে তাঁরা দেখাতে পারেননি।গৌরনদী বন বিভাগের ফরেস্টার মহেন্দ্র নাগ হালদার বলেন, ‘এ ব্যাপারে আমি কিছুই জানি না।’উপজেলা প্রকৌশলী মো. মুনসুর আহম্মেদ জানান, গাছ কাটার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি।’ইউএনও সাঈদ মাহবুুব খান জানান, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। কেউ লিখিত অভিযোগ করলে তা মামলা হিসেবে গ্রহণ করে গাছ বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।