বিএনপি নেতার ভিটেবাড়ি রক্ষায় ১৪৪ ধারা জারি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় বিএনপির নেতা হাজি মো. ইলিয়াছের ভিটেবাড়ি রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শহীদুল আলম এ আদেশ জারি করেন। জবরদখল থেকে ভিটেবাড়ি রক্ষায় ইলিয়াছ গতকাল রোববার আদালতে আবেদন করেন। হাজি ইলিয়াছ জানান, চন্দ্রঘোনা কদমতলী লিচুবাগান এলাকার নুরুল আলম ও আবদুল জব্বার সাত-আটজন সহযোগী নিয়ে গত ২৫ আগস্ট তাঁর ভিটেবাড়ি জবরদখলের চেষ্টা করেন। বাধা পেয়ে তাঁর স্ত্রী রুভাব সুলতানাকে মারধর করেন তাঁরা। এ সময় তাঁরা ঘরে ঢুকে আসবাব ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। রুভাব সুলতানা রাঙ্গুনিয়া থানায় এজাহার দায়ের করেন। এর পরও সরকারি দলের প্রভাব খাটিয়ে তাঁরা ভিটেবাড়ি জবরদখলের চেষ্টা করছেন। ফলে আদালতে আবেদন করেন তিনি।ইলিয়াছের পক্ষে আবেদনটি দায়ের করেন আইনজীবী মো. হারুন। তিনি বলেন, আদালত আবেদনটি আমলে নিয়ে ১৪৪ ধারা জারির আদেশ দিয়েছেন।রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মঞ্জুর মুর্শেদ বলেন, ‘আদালত থেকে ১৪৪ ধারা জারির আদেশপত্র এখনো পাইনি।’ হাজি ইলিয়াছ জানান, তিন বছর আগে লিচুবাগান এলাকায় জমি ক্রয় করে পাকা বাড়ি করেন তিনি। কিন্তু নুরুল আলম ওই জমি ক্রয় করার কথা বলে দখলের চেষ্টা করছেন। নুরুল আলম বলেন, ‘এই জমি আমি ক্রয় করেছি। ফলে দখলে নেওয়ার চেষ্টা করছি।’