বিএনপি নেতার মার্কেটে হামলা, আহত ৪
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম মিঝির মার্কেটে গত মঙ্গলবার রাতে হামলা হয়েছে। এতে যুবদলের চারজন কর্মী আহত হয়েছেন। যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছে যুবলীগ।কেরোয়া ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম সরকার জানান, মঙ্গলবার রাত নয়টার দিকে মিলু পাটওয়ারীর ছেলে যুবলীগের কর্মী মিরাজ পাটওয়ারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে মহড়া দেয়। তারা ভূঁইয়ারহাট এলাকার বিএনপির নেতা হাশেম মিঝির মার্কেটে হামলা চালিয়ে ৮-১০টি দোকানের শাটার কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে। পরে যুবদলের কর্মীদের পিটিয়ে আহত করে। আহত ব্যক্তিরা হলেন: জাকির হোসেন, আক্তার, মো. রনি ও শরীফ হোসেন।যোগাযোগ করা হলে অভিযুক্ত মিরাজ ঘটনার সঙ্গে জড়িত নন দাবি করে বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে, তা আমি জানি না।’ উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাস বলেন, অতর্কিতে হামলা চালিয়ে নেতা-কর্মীদের আহত ও মার্কেট ভাঙচুরের ঘটনাটি ন্যক্কারজনক। যুবলীগের কর্মীরা সশস্ত্র অবস্থায় মহড়া দেওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।রায়পুর থানার পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি।