বিএনপি নেতার লাশ নিয়ে বিক্ষোভ, সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বিল্লাল হোসেন হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও তাঁদের ফাঁসির দাবিতে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। লাশ নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন৷
নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুর সাড়ে ১২টায় বিএনপি নেতারা বিল্লাল হোসেনের লাশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় রেখে মহাসড়ক অবরোধ করে রাখেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি নেতারা এসে ওই কর্মসূচিতে অংশ নেন৷ এ হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা জড়িত থাকার অভিযোগ তুলে তাঁদের গ্রেপ্তার করার দাবিতে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা৷ ঘটনাস্থলে পুলিশ এসে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল মান্নান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় বিএনপির নেতারা অভিযোগ করেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির এই জনপ্রিয় নেতাকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাদের গ্রেপ্তার না করলে মহাসড়ক লাগাতার অবরোধসহ পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার সনমান্দী ইউপির সাবেক চেয়ারম্যান ও ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন৷ পথে একদল সন্ত্রাসী তাঁকে অপহরণ করে সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শহীদুল্লাহ মিয়ার বাড়িতে আটক রাখে। সন্ধ্যা ছয়টায় দিকে ওই বাড়ির পাশে একটি খেতে কুপিয়ে হত্যা করে তঁার লাশ ফেলে রাখা হয়। খবর পেয়ে পুলিশ রাত ১১টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিল্লাল হোসেনের মেয়ে বিউটি আক্তার অভিযোগ করেন, ‘আমার বাবাকে হত্যার ঘটনায় সনমান্দী ইউনিয়ন আওয়ামী লীগের দুই সদস্য আনোয়ার হোসেন ও শহীদুল্লাহ মিয়া, সনমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ বেশ কয়েকজন জড়িত৷ তাঁদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
আওয়ামী লীগের নেতা আনোয়ার, শহিদুল্লাহ মিয়া ও যুবলীগের নেতা বজলুর রহমানের সঙ্গে গতকাল দুপুরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি৷ বাড়িতে গিয়েও তাঁদের কাউকে পাওয়া যায়নি৷
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক জানান, ‘থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’