বিএনপি নেতার শতাধিক মেহগনিগাছ কর্তন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পুকুরিয়া গ্রামে গত বুধবার রাতে বিএনপির নেতা মখলেছুর রহমানের শতাধিক মেহগনিগাছ কেটে ফেলেছে সন্ত্রাসীরা। গাছের মালিক কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়ন বিএনপির সদস্য ও ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মখলেছুর রহমান অভিযোগ করেন, কয়েক মাস আগে গ্রামেরই কিছু সন্ত্রাসী তাঁর প্রায় আড়াই হাজার গাছের কলা কেটে বিক্রি করেছে। ওদের কারণে তিনি ১০ বিঘা জমি তিন বছর ধরে চাষাবাদ করতে পারছেন না। তাঁর সঙ্গে আরও তিন ভাইয়ের প্রায় ৪০ বিঘা জমি চাষাবাদ করতে না পারায় পরিত্যক্ত পড়ে আছে।মখলেছুর রহমান জানান, পুকুরিয়া স্কুল মাঠের সামনে তাঁর দেড় বিঘা জমি আছে। বছর তিনেক আগে ওই জমিতে শতাধিক মেহগনিগাছের চারা রোপণ করেছিলেন। গাছগুলো বেশ বড় হয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, তিন বছর আগে তাঁকে গ্রামের মধ্যেই ব্যাপক মারপিট করা হয়। বাড়ি ভেঙে দেয় সন্ত্রাসীরা। এর পর থেকে তিনি স্ত্রী-সন্তান নিয়ে অন্যত্র বসবাস করেন। তিনি দাবি করেন, এসব বিষয়ে মামলা করতে গেলে থানায় মামলা নেওয়া হয় না। তবে আদালতে বেশ কয়েকটি মামলা করেছেন, যা বিচারাধীন আছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মখলেছুর রহমানের কলার খেতের মধ্যে রোপণ করা মেহগনিগাছগুলো কাটা অবস্থায় পড়ে আছে।গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, মখলেছুর রহমান সপরিবারে গ্রাম ছেড়ে পালিয়ে আছেন। গ্রামের একটি পক্ষ ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত হয়ে তাঁর পরিবারের ওপর নানা নির্যাতন চালিয়ে আসছে। বুধবার রাতে সন্ত্রাসীরা তাঁর খেতের গাছগুলো কেটে দিয়েছে।গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগের কর্মী রবিউল ইসলাম দাবি করেন, যাঁদের গাছ তাঁরাই কেটে অন্যদের দোষারোপ করছেন। আর মখলেছুর রহমান ইতিপূর্বে অনেক অন্যায় করেছেন। যে কারণে গ্রামের মানুষের ভয়ে নিজেই পালিয়ে বেড়াচ্ছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ কামরুজ্জামান জানান, এখনো কেউ এ-জাতীয় অভিযোগ নিয়ে আসেনি। এলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেবেন।