চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. ইলিয়াসের স্ত্রী রুভাব সুলতানাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লিচুবাগান এলাকায় গতকাল শনিবার সকালে ওই হামলা হয়। রুভাব সুলতানা বলেন, লিচুবাগান এলাকায় বসতঘরের পাশে তাঁর স্বামী মো. ইলিয়াছ তিন বছর আগে একখণ্ড জমি কিনেছেন। কিন্তু নুরুল আলম ওই জমি ক্রয়ের নামে গতকাল সকালে দখলের চেষ্টা করেন। এ সময় কাগজপত্র দেখাতে গেলে নুরুল ও সহযোগীরা লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায় এবং ঘর থেকে অর্থ ও গয়না লুটপাট করে। নুরুল আলম দাবি করেন, ক্রয়সূত্রে তিনি ওই জমির মালিক। সেখানে গেলে তাঁকে গতকাল বাধা দেন রুভাব সুলতানা। মারধর ও লুটপাটের অভিযোগ সত্য নয়। রাঙ্গুনিয়া থানায় কর্তব্যরত কর্মকর্তা (ডিউটি অফিসার) জামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, হামলার ঘটনায় এজাহার দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে আসবাব তছনছ অবস্থায় পাওয়া যায়। বাকি অভিযোগের সত্যতা মেলেনি।