দুর্নীতির মামলায় বিএনপি নেতাসহ আটজনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বাতিল করে তাঁদের আপিল পুনঃশুনানির নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। আটজন আপিল বিভাগের এই রায় পুনর্বিবেচনা চেয়েছিলেন। আজ বুধবার এই আটটি আবেদনই খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ আজ এ আদেশ দেন।
এই আটজন হলেন সাবেক বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা, তাঁর স্ত্রী সিগমা হুদা, বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তাঁর স্ত্রী সাবেরা আমান, বিএনপি নেতা মীর নাছির উদ্দিন ও তাঁর ছেলে মীর হেলাল, বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু ও বিএনপির সাবেক সাংসদ মঞ্জুরুল আহসান মুন্সী।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে আটজনকেই দুর্নীতির দায়ে সাজা দিয়েছিলেন বিচারিক আদালত। তবে হাইকোর্টে আপিল করলে তাঁদের সবাইকে খালাস দেন হাইকোর্ট। এরপর দুদক হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। আপিল বিভাগ আটজনেরই খালাসের রায় বাতিল করে তাঁদের আপিল হাইকোর্টে পুনঃশুনানির নির্দেশ দেন। এরপর তাঁরা আপিল বিভাগের এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে, আজ সেগুলো খারিজ হলো।