বিএনপি নেতাসহ দুই খুন যুবদল নেতা জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জে গত শনিবার বিএনপির এক নেতা খুন হয়েছেন। একই দিন খুলনার কয়রায় প্রতিপক্ষের লোকজন এক যুবককে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রাজবাড়ীর পাংশায় রোববার যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: ঝিনাইদহ: কালীগঞ্জের পুকুরিয়া গ্রামে শনিবার ভাতিজা দয়াল হোসেন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর চাচা কবির হোসেনকে (৪৮) খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কবির হোসেন উপজেলার সিমলা-রোকনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য। তাঁর বাড়ি পুকুরিয়া গ্রামে।কয়রা (খুলনা): উপজেলার মহেশ্বরীপুর গ্রামে শনিবার আজিম সরদারের ছেলে আজিবর সরদারের (২৫) একটি ছাগলছানাকে প্রতিবেশী গফুর সানার পোষা কুকুরে কামড় দেয়। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে গফুর সানার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও শাবল দিয়ে আঘাত করে আজিবরকে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত ব্যক্তির বাবা গতকাল সোমবার কয়রা থানায় হত্যা মামলা করেছেন। গোয়ালন্দ (রাজবাড়ী): পাংশা উপজেলা পরিষদ চত্বরের সামনে যুবলীগের কর্মীরা রোববার পৌর যুবদলের আহ্বায়ক আকরাম হোসেন ওরফে মুরাদকে (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিরাপত্তার অভাবে পরিবারের লোকজন তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।