বিএনপি নেতাসহ পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যা মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি আমির হোসেনসহ পাঁচজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আজ বুধবার বিকেলে স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ঝিকরগাছা উপজেলার বল্লা গ্রামের রজব আলীর ছেলে তাইজেল ওরফে তরিকুল ইসলাম, একই গ্রামের করিম বক্স মোড়লের ছেলে সাদেক ওরফে ঠুটে সাদেক, কায়েমকোলা গ্রামের অলি মাঝির ছেলে শামছুল আলম ও যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের ইমান আলীর ছেলে ইসমাইল হোসেন। এঁদের মধ্যে শামছুল আলম ও ইসমাইল হোসেন পলাতক।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ১২ জানুয়ারি সন্ধ্যায় ঝিকরগাছার বল্লা বাজার হাইস্কুল মাঠে টেপির বাওড় নিয়ে বিরোধ মীমাংসার জন্য সালিস বৈঠক বসে। সালিস চলাকালে রাত সাড়ে নয়টার দিকে দুর্বৃত্তরা সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই জাহিদুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাত–আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে ১৯৯৮ সালের ২ মে আদলতে অভিযোগপত্র দেওয়া হয়।

সরকার পক্ষের স্পেশাল কৌঁসুলি (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ প্রথম আলোকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনের যাবজ্জীবন ও ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিনজন আটক রয়েছেন। বাকি আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।