বিএনপি নেতাসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩
সড়ক দুর্ঘটনায় আহত নাটোর জেলা বিএনপির নেতা আবদুর রাজ্জাক গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। সিরাজগঞ্জের তাড়াশে গতকাল সোমবার সড়ক দুর্ঘটনার এক পোস্টমাস্টার এবং দিনাজপুরের ঘোড়াঘাটে এক তরুণ নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নাটোর: লালপুর থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে লালপুরের গোপালপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন ওই প্রাইভেট কারের আরোহী জেলা বিএনপির সহসভাপতি আবদুর রাজ্জাক এবং তাঁর গাড়িচালক। পরে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকেলে অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। গতকাল সন্ধ্যা পৌনে ছয়টায় তিনি মারা যান। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার আবদুর রাজ্জাকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার সকালে লালপুরের আবদুলপুরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। গোপালপুর পৌরসভার মেয়র মঞ্জুরুল ইসলাম জানান, আবদুর রাজ্জাক প্রায় ৩০ বছর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গত মেয়াদে তিনি উপজেলার নির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
সিরাজগঞ্জ: হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানান, গতকাল সোমবার সন্ধ্যায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের চাপায় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের দোবিলা গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম (৫৯) নিহত হন। তিনি স্থানীয় ডাকঘরে পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
বিরামপুর (দিনাজপুর): গতকাল সোমবার সকাল আটটায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে একটি ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অমলাগাড়ি গ্রামের আবু বক্করের ছেলে জিয়া উদ্দিন (৩০) নিহত হন।