বিএনপি নেতাসহ ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরীসহ (মিনার চৌধুরী) ৫৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। অভিযোগপত্রভুক্ত অন্যদের বেশির ভাগই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার বিকেলে আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এদিকে অভিযোগপত্র দাখিলের বিষয়ে কিছু না জানানোয় মামলার বাদী ও একরামের পরিবার হতাশা ব্যক্ত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলায় গ্রেপ্তার হওয়া ৩২ জনের মধ্যে পাঁচজনকে বাদ দিয়ে বাকি ২৭ জন এবং পলাতক ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে মাহতাব ছাড়া বাকি সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। গ্রেপ্তার হওয়া যে পাঁচজনকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে, তাঁরা হলেন আলাউদ্দিন, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, জাহাঙ্গীর ও মীর হোসেন স্বপন।
অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য পলাতক আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির আদেল, ফেনী পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল আলম ওরফে মিস্টার ও শহরের একাডেমি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ‘রুটি’ সোহেল। গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন বিএনপির নেতা ও ফুলগাজী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরী, ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহিদ চৌধুরী, ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ শিবলু, আনন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেলাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ আদালতে অভিযোগপত্র দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্ত এবং আসামিদের স্বীকারোক্তিমতে গ্রেপ্তারকৃত ৩২ জনের মধ্যে ২৭ জন ও পলাতক ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া ৩২ জনের মধ্যে ১৬ জন কোনো না কোনোভাবে একরামুল হক হত্যার ঘটনায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া হত্যাকাণ্ডের সময় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গাড়ি, দুটি মোটরসাইকেল, তিনটি আগ্নেয়াস্ত্র ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গত ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি এলাকায় ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুলকে তাঁর গাড়ির গতিরোধ করে কুপিয়ে, গুলি করে এবং গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই রাতেই তাঁর বড় ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে মাহতাব উদ্দিন চৌধুরীর নাম উল্লেখ করে এবং ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে ফেনী সদর মডেল থানায় মামলা করেন।
রেজাউল হক গতকাল হতাশা ব্যক্ত করে বলেন, একরাম হত্যার মতো একটি চাঞ্চল্যকর মামলার অভিযোগপত্র দেওয়া হলো, অথচ এ বিষয়ে তিনি কিছু জানেন না, তাঁকে কিছু জানানোও হয়নি। অভিযোগপত্র দাখিলের বিষয়টি তিনি সাংবাদিকদের কাছ থেকে জেনেছেন। আগামী রোববার আদালত থেকে বিষয়টি জানার চেষ্টা করবেন।
নিহত একরামুলের স্ত্রী তাসমিন আক্তার বলেন, এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীদের গ্রেপ্তার না করে তড়িঘড়ি অভিযোগপত্র জমা দেওয়ায় তিনি হতাশ। তিনি বলেন, তাঁর স্বামীকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় হত্যার ঘটনা ও পরিকল্পনাকারীদের নাম উঠে এসেছে। এ শহরের সাধারণ মানুষও জানে, কারা হত্যার নেপথ্য পরিকল্পনাকারী। কিন্তু পুলিশ তাদের শনাক্ত করতে পারেনি। এটি খুবই দুঃখজনক। কয়েক দিন আগে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীতায় ভুগছেন।
এদিকে ১৩ আগস্ট নির্বাচন কমিশন ২১ সেপ্টেম্বর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বচানের তারিখ ঘোষণা করেছে।