বিএনপি নেতাসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
মুন্সিগঞ্জ সদর উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় আধারা ইউনিয়ন বিএনপির সভাপতি রহমত আলী মোল্লাসহ ৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আধারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া গত শুক্রবার এই মামলা করেন। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, এজাহারভুক্ত আসামি সোলারচর গ্রামের শাহিন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালও সোলারচর ও বকুলতলা গ্রামের আশপাশে পুলিশ মোতায়েন ছিল। এদিকে স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, ঘটনার দিনে সুরুজ মিয়ার লোকজন বকুলতলা ও সোলারচর গ্রামের কমপক্ষে ১০টি দোকান ও ২০-২৫টি বাড়ি ভাঙচুর এবং ৯-১০টি গরু লুটের ঘটনায় এখনো মামলা হয়নি। এলাকাবাসী জানায়, পুলিশের গ্রেপ্তার ও হামলার ভয়ে সোলারচর ও বকুলতলা গ্রাম দুটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রামের নারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গত শুক্রবার গুলিতে নিহত রুবেলের (২৪) লাশ সোলারচরে কবরস্থানে দাফন করা হয়েছে।