বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে জাপা (জাফর)

বিএনপির নেতৃত্বাধীন জোটে আজই যোগ দিচ্ছে জাতীয় পার্টি (জাপা-জাফর)। আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন কাজী জাফর। জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্ত হয়।
রাজধানীর গুলশানে বর্ধিত সভা শেষে সাংবাদিকদের কাছে কাজী জাফর নিজেকে জাতীয় পার্টির প্রকৃত চেয়ারম্যান বলে দাবি করেছেন। কাজী জাফরের ভাষায় এরশাদ হলেন ‘খলনায়ক’, ‘খেলোয়াড়’ আর রওশন এরশাদ আওয়ামীপন্থী জাতীয় পার্টির নেতা। তিনি বলেন, ‘আজকেই আমরা ১৮ দলে যোগ দেব ইনশাআল্লাহ। ১৮ দল ১৯ দলে পরিণত হবে। বাংলাদেশের মাটি এখন গণ-অভ্যুত্থানের প্রসববেদনায় উদ্বেল হয়ে উঠেছে। গণ-অভ্যুত্থান শুরু হলে হাসিনার তাসের ঘর আর দাঁড়াতে পারবে না। আজ দেশে নতুন বাকশাল কায়েম হয়েছে, সংসদে কোনো বিরোধী দল নেই।’
সংসদের মেয়াদ প্রসঙ্গে কাজী জাফর বলেন, ‘আমি জ্যোতিষী নই, তবে বাংলাদেশ জোয়ার-ভাটার দেশ। জোয়ার-ভাটা কখন আসবে, আমি জানি না। জলোচ্ছ্বাস যখন আসে, তখন গ্রামকে গ্রাম ভাসিয়ে নিয়ে যায়। শেখ হাসিনার তাসের ঘরও তেমনিই ভেসে যাবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপা নেতা বলেন, স্বল্প সময়ের ব্যবধানে এ সরকারের পতন হবে। পৃথিবীর কেউ বিশ্বাস করে না, এই সংসদ ও সরকার টিকবে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন টি আই এম ফজলে রাব্বী, সাবেক সাংসদ নাওয়াব আলী আব্বাস খান, এস এম আলম গোলাম রেজা প্রমুখ।