প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে বলেছেন, ‘এই সংযমের মাসে ইফতার মাহফিলে তিনি এইভাবে মিথ্যা কথা কীভাবে বলেন? বিএনপি নেত্রীর মিথ্যাচার শুনে তাজ্জব হয়ে গেছি। আল্লাহই বিচার করবেন, বেশি কিছু বলতে চাই না।’
গতকাল বুধবার জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।
‘পুলিশ পেট্রলবোমা মেরেছে’—খালেদা জিয়ার এ বক্তব্যের বিষয়ে শেখ হাসিনা বলেন, নিজের অপরাধ তিনি অন্যের ওপর চাপাতে চাচ্ছেন। এটা সবাই জানেন, বিএনপি-জামায়াত মিলে হরতাল-অবরোধ দিয়ে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে। অথচ তিনি বলে দিলেন, এসব পেট্রলবোমা পুলিশ মেরেছে।
এ সময় প্রধানমন্ত্রী কিছু ছবি দেখিয়ে বলেন, ‘পুলিশ নাকি মেরেছে। এরা সবাই বিএনপির কর্মী। পুলিশকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে। তাহলে কীভাবে বলা হয় পুলিশ মারল?’ তিনি বলেন, ‘বিএনপি নেত্রী ৯৩ দিন ঘরে বসে থাকলেন। আওয়ামী লীগ সরকারের পতন না ঘটিয়ে নাকি তিনি ঘরেই ফিরবেন না। সাধারণ জনগণ তাদের মোকাবিলা করেছে। তাঁকে ঘরে ফিরতে হয়েছে। কোর্টে আত্মসমর্পণ করেছেন। এতিমের টাকা মেরে খেয়েছেন। কোর্টে তিনি যাবেন না। জানেন, গেলে তিনি ধরা খেয়ে যাবেন।’
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে। হতদরিদ্রের হার কমে এসেছে। মাথাপিছু আয় বেড়েছে। মানুষের উন্নতি হচ্ছে। তিন বছরের মধ্যে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। তিনি বলেন, যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে, সেই সময় কিছু মিথ্যাচার শুরু হয়েছে। অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলার পর তারা বলেছিল, আমি নিজেই ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে এসেছি। এই কথা তারা এই সংসদে বলেছে। মিথ্যা বলা তাদের অভ্যাস।’
নিম্ন মধ্যম আয়ের দেশ হওয়ায় ধন্যবাদ প্রস্তাব গৃহীত: বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ায় গতকাল সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। সাংসদ আবদুর রাজ্জাক প্রস্তাবটি উত্থাপন করেন। পরে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নিম্ন মধ্যম আয়ের মধ্যে থাকতে চাই না। উচ্চ অর্থনীতিতে যেতে চাই। দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করতে চাই।’ তিনি বলেন, ‘২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ২০২০ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করব। এই সময়ের মধ্যেই দেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত করব।’
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশ পরিচালনায় অনেক বাধা এসেছে। সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারলে প্রবৃদ্ধি ৭ ভাগে উন্নীত হতো। ভবিষ্যতে এই অর্জনকে ধরে রেখেই এগিয়ে যেতে হবে। এই অর্জন আমার একার নয়। এই অর্জন দেশবাসীর।’
আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মধ্যম আয়ের দেশে উত্তরণে মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদের অবস্থান এবং অর্থনৈতিক ঝুঁকিগ্রস্ততা—এ তিনটি বিবেচনায় নেওয়া হয়। এসব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। সিডিপি প্রতি তিন বছরে স্বল্পোন্নত দেশের তালিকা হালনাগাদ করে। এর পরবর্তী সভা হবে ২০১৮ সালে। সেখানে আমাদের উত্তরণ ঘটবে।’
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘স্বাধীনতার পর বিশ্বব্যাংক বলেছিল, আমাদের সব সময় পরনির্ভরশীল হয়ে থাকতে হবে। এখন স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে ধনী। আমরা এখানেই থেমে থাকব না। আমরা উন্নত দেশে পরিণত হব।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘হাতের চুড়ি আয়নায় দেখতে হয় না। বিশ্বব্যাংক বললে আমাদের পেট ভরবে না। এই বিশ্বব্যাংক কাল্পনিক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুর কাজ পিছিয়ে দেয়। এই সেই বিশ্বব্যাংক, যারা কৃষিতে ভর্তুকির ঘোরতর বিরোধী। কিন্তু আমাদের নেত্রী বলেছেন, এটা ভর্তুকি না। এটা বিনিয়োগ। কৃষক প্রতিদান দিয়েছে। বিশ্বব্যাংককে বলব, হুঁশ করে চলেন। আপনি সিগারেট খাবেন, আর আমার কোট পুড়ে যাবে। পরে আপনি সরি বলবেন। সরি বললেন, কিন্তু আমার কোটের কী হবে?’
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের কথায় চললে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতো না। পদ্মা সেতু নিজ খরচে হতো না। পদ্মা সেতু হোক, হলে জিডিপির প্রবৃদ্ধি ২ পয়েন্ট বেড়ে যাবে, তা তারা চায় না।
ধন্যবাদ প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারী, সরকারি দলের শেখ ফজলে নূর তাপস, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ, জাসদের মঈন উদ্দীন খান বাদল, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা প্রমুখ।
সবশেষে স্পিকার অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পড়ে শোনান।
এ অধিবেশনে মোট পাঁচটি বিল পাস হয়। অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরের জন্য ২৯২টি এবং মন্ত্রীদের জন্য ৪ হাজার ১২২টি প্রশ্ন উত্থাপিত হয়।