বিএনপি নয়, ভাঙনের সুর দেখা দিয়েছে আওয়ামী লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিরোধী দলের ভেতর ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করছে। পত্রপত্রিকার মাধ্যমে বিএনপি ভাঙছে বলে কাল্পনিক হাওয়াই কাহিনি প্রচার করা হচ্ছে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। তিনি দাবি করেন, বিএনপিতে ভাঙনের কোনো প্রশ্ন নেই। বরং আওয়ামী লীগেই ভাঙনের সুর দেখা দিয়েছে। তাদের অনেক নেতা বিরোধী দলের সুরে কথা বলছেন।‘মনমোহন সিংয়ের ঢাকা সফর প্রত্যাশার প্রাপ্তি’ শীর্ষক ওই গোলটেবিলের আয়োজন করে নাগরিক ফোরাম।খন্দকার মোশাররফ বলেন, এ সরকার কূটনীতি থেকে শুরু করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুৎ , পানি, সীমান্ত নিরাপত্তা রক্ষাসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। এসব ব্যর্থতা আড়াল করতে তারা জিয়া পরিবারের সদস্যদের নামে মামলা এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরে সই হওয়া চুক্তিগুলোকে মুজিব-ইন্দিরা চুক্তির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেন।বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ডেইলি স্টার-এর একটি কার্টুনের কথা উল্লেখ করে বলেন, মনমোহনের সফরের একমাত্র প্রাপ্তি হয়েছে সুন্দরবনের বাঘের। তিনি আওয়ামী লীগের উদ্দেশে বলেন, ‘আপনারা তিস্তার পানি চুক্তি ত্বরান্বিত করতে পারবেন না। তবে জনগণ একটা বিষয় ত্বরান্বিত করতে পারে, সেটি হচ্ছে আপনাদের বিদায়।’গোলটেবিল আলোচনায় আরও অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক তাসনিম আলম, নাগরিক ফোরামের সভাপতি আবদুল্লাহিল মাসুদ প্রমুখ।