নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেছেন, ‘বিএনপির কেউ জড়িত থাকলে তাঁদের ধরুন। বিএনপি এ ঘটনায় জড়িত নয়, আওয়ামী লীগই জড়িত।’ তিনি জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এম কে আনোয়ার এ দাবি জানান। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন ‘নিরাপত্তা সংকটে নাগরিক জীবন: উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ যে উদ্দেশ্যে ১৯৭৫ সালে বাকশাল করেছিল, একই উদ্দেশ্যে ৫ জানুয়ারির নির্বাচন করেছে। বিএনপি এই নির্বাচনে অংশ নিলে পরিস্থিতি আরও খারাপ হতো। বিএনপির নির্বাচনে না যাওয়া যথাযথ সিদ্ধান্ত ছিল।
প্রেসক্লাবে অপর আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, আজকে যাঁরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নানা অপকর্মে প্রশ্রয় দিচ্ছেন, একদিন তাঁদেরও একই পরিণতি ভোগ করতে হবে।