বিএনপি পাকিস্তানের দোসর: তোফায়েল
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, যারা অগ্নিসংযোগ ও ধ্বংসের রাজনীতি করে, তাদের বিরুদ্ধে একাত্তরের চেতনা নিয়ে গর্জে উঠতে হবে। গণহত্যা দিবসে এটি হোক সবার শপথ।
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। তোফায়েল বলেন, ‘যখন খালেদা জিয়া বলেন, ৩০ লাখ শহীদের সংখ্যা নিয়ে সন্দেহ আছে, তখন তাঁর প্রতি ধিক্কার দেওয়া ছাড়া উপায় থাকে না।’
শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন এই সমাবেশের আয়োজন করে। সংগঠন দুটির আহ্বায়ক ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, ‘একাত্তরে পাকিস্তানিরা যে অপরাধ করেছে, সে জন্য বাঙালি জাতির কাছে ওদের ক্ষমা চাইতে বাধ্য করা হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ শিরীন আখতার ও নুরজাহান বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা, গণবিচার আন্দোলনের নেতা রোকেয়া প্রাচী ও ওসমান আলী।