বিএনপি-পুলিশ-আ.লীগের সংঘর্ষ, গুলি
চট্টগ্রামের পটিয়ার শোভনদণ্ডি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সামশুল আলমের কর্মী-সমর্থকদের আটকের ঘটনাকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘটিত এ সংঘর্ষে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ইউনিয়নের হাবাখানা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আহত ব্যক্তিদের মধ্যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের ও আহত অন্যদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ইউপি নির্বাচনের ষষ্ঠ ধাপে শনিবার এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
পুলিশ জানায়, সংঘর্ষ চলাকালে কাঁদানে গ্যাসসহ ৭০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। ঘটনায় আহত আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে চার ব্যক্তিকে আটক করা হলেও থানায় এনে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে শোভনদণ্ডি ইউনিয়নের হাবাখানা এলাকায় এসে সড়ক ও বাড়ি থেকে সামশুল আলমের সমর্থক মান্নান, সোহেল ও লোকমানকে আটক করে পুলিশ। এলাকাবাসী পুলিশের কাছ থেকে তাঁদের ছিনিয়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এলোপাতাড়ি লাঠিপেটা করে এবং ফাঁকা গুলি ছোড়ে।
বিএনপির প্রার্থী সামশুল আলম বলেন, ‘আজ দুপুর সাড়ে ১২টা থেকে আমার সমর্থনে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেনের নেতৃত্বে এলাকায় গণসংযোগ চলে। বিভিন্ন এলাকা ঘুরে বেলা দুইটার দিকে আমরা মিছিল সহকারে রশিদাবাদ এলাকায় যাওয়ার পর পেছনে থাকা আমাদের কয়েকজন কর্মীকে কোনো কারণ ছাড়াই পুলিশ এসে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন পুলিশের কাজ থেকে তাদের কেড়ে নিলে পুলিশ হামলা চালায়।’ তিনি অভিযোগ করেন, এ সময় আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসানের নেতৃত্বে আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর গুলিবর্ষণ ও হামলা করে। এতে নারীসহ অন্তত ৪০ কর্মী-সমর্থক আহত হন।
আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এহসান বলেন, হাবাখানা এলাকা থেকে আসামি ধরতে গেলে বিএনপি প্রার্থী সামশুল আলমের নেতৃত্বে কর্মী-সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় ওই দিক দিয়ে যাওয়ার সময় তাঁর সমর্থকদের ওপরও হামলা চালায় বিএনপির কর্মীরা। তবে তিনি অন্য এলাকায় গণসংযোগে ব্যস্ত ছিলেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী বলেন, তালিকাভুক্ত ও নিয়মিত মামলার আসামিদের ধরার জন্য অভিযান চালানোর সময় মাইকে কে বা কারা ডাকাত ডাকাত বলে প্রচার করে শতাধিক লোকজন জমায়েত করেন। জড়ো হওয়া লোকজন লাঠিসোঁটা ও মরিচের গুঁড়া দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে তিনিসহ তিন পুলিশ আহত হন। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ৭০টি ফাঁকা গুলি ছোড়া হয়।