বিএনপি প্রতিপক্ষ নয়, শত্রুপক্ষ: কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক সমঝোতা ও আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, ‘কিসের আলোচনা? আলোচনা হলে কোনো রাজনৈতিক দলের সঙ্গে হতে পারে। কিন্তু কোনো শত্রুপক্ষের সঙ্গে নয়।’

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সমাবেশে কামরুল এসব কথা বলেন। ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি’ সম্প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের এমন মন্তব্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
কামরুল ইসলাম বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীকে এ দেশের যুবক সমাজ যেমন শত্রুপক্ষ ভেবে প্রতিরোধ করেছিল, ঠিক তেমনি আবারও এদের রাজনৈতিক প্রতিপক্ষ নয়, শত্রুপক্ষ ভাবতে হবে। প্রতিরোধ করতে হবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমান আবার নতুন শব্দে নতুন মিথ্যাচার আমদানি শুরু করেছেন। তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার কৌশল অত্যন্ত সুচতুরভাবে অবলম্বন করেছে। এরা হাইকোর্ট মানে না, আইন মানে না। কোনো কিছুই মানে না। এদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা ঠিক হবে না।’
কামরুল বলেন, কর্তার ইচ্ছায় কর্ম হয়। তারেক ও বেগম জিয়া যে মিথ্যাচারের জন্ম দিয়েছেন, তা বলার নির্দেশ দেওয়া হয়েছে। সে জন্য তারেকের বক্তব্য অনুসরণ করে গতকাল খালেদা জিয়াও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে অবশ্যই এদের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আইনের আওতায় এনে বিচার করতে হবে। এদের ক্ষমা করার সুযোগ নাই।’
‘জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করতে কষ্ট হয়’ উল্লেখ করে কামরুল বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার মূল কুশীলব ছিলেন তিনি। এটা পঁচাত্তর-পরবর্তী তার কর্মকাণ্ডে বোঝা যায়। কখনো তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন না। একাত্তরে জিয়াউর রহমানের জন্ম হয়েছিল আইএসআইয়ের এজেন্ট হিসেবে, যা তাঁর পরবর্তী কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে। ঠিক তেমনিভাবে, একই পথে তারেক ও বেগম জিয়া চলেছে। একই পথে কাজগুলো করে যাচ্ছে। আজকে সেভাবেই আমাদের চলা উচিত। এদের বিরুদ্ধে আন্দোলন করা উচিত।’
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম।
পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেন যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা।