বিএনপি প্রধান স্বাধীনতাবিরোধী দল: আশরাফ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আজকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকে শুধু জামায়াত স্বাধীনতাবিরোধী দল নয়, বেগম খালেদার নেতৃত্বে বিএনপি প্রধান স্বাধীনতাবিরোধী দল হিসেবে গণতন্ত্রকে নস্যাত্ করতে যাচ্ছে। শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আসুন আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করি। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। এর আগে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে নাসিম বলেন, ‘নির্বাচনে না এসে আপনি সব হারিয়েছেন। একূল-ওকূল দুকূল হারিয়েছেন। সহিংসতা বাদ দিয়ে মাথা ঠান্ডা করুন। যা করেছেন, তার জন্য অনুতপ্ত হোন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেলা আড়াইটায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয় এই জনসভা। দশম জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের এটি প্রথম জনসভা। এতে দলের সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য দেবেন।
দুপুরের পর থেকে সভা উপলক্ষে বিপুলসংখ্যক নেতা-কর্মী উদ্যানে জড়ো হতে শুরু করেন। বিশেষ করে নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান ও পুরান ঢাকার সাংসদ হাজি সেলিমের ব্যানারে ছেয়ে গেছে পুরো উদ্যান। তাঁদের কয়েক হাজার সমর্থক ঢোল-তবলা বাজিয়ে মাতিয়ে রেখেছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যান।