বিএনপি প্রার্থীকে কারণ দর্শাও নেটিশ
পাবনার ঈশ্বরদীতে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মকলেছুর রহমান বাবলুর কাছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি গতকাল সোমবার সন্ধ্যায় বাবলুকে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মকলেছুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বর্তমানে বাসায় অবস্থান করছেন। সে কারণে আজ মঙ্গলবার সন্ধ্যার মধ্যে জবাব দেওয়ার কথা থাকলেও তিনি আগামীকাল বুধবার নির্বাচন অফিসকে লিখিতভাবে তাঁর ব্যাখ্যা দেবেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ বিএনপির প্রার্থীর বিরুদ্ধে গতকাল সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।
অভিযোগে উল্লেখ করা হয়, পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর মকলেছুর রহমান বাবলু মেয়র পদে থাকা অবস্থায় বিভিন্ন পত্র-পত্রিকায় ২০১১-২০১২ থেকে ২০১৪-২০১৫ অর্থ বছরের পৌরসভার উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছেন। এই বিজ্ঞপ্তিতে পৌরসভার লোগো ব্যবহার করে নিজ স্বার্থ হাসিলের জন্য নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ফলে তিনি গুরুতরভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এই বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামী লীগ প্রার্থী তাঁর অভিযোগপত্রের সঙ্গে কিছু প্রমাণপত্র উপস্থাপন করেন।
এর পরিপ্রেক্ষিতে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়। এগুলো হলো নির্বাচনের দিন থেকে তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করা, ঈশ্বরদী পৌরসভার লোগো ব্যবহার করা ও পৌরসভা (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৫ এর বিধি ৫ ও ২২ (২) লঙ্ঘন করা। মকলেছুর গতকাল সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলামের দেওয়া কারণ দর্শাও নোটিশটি গ্রহণ করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, অভিযোগ পাওয়ার পর পরই তারা বিষয়টি আমলে নিয়েছেন। তবে মেয়র প্রার্থী মকলেছুর রহমান স্বল্প সময়ের মধ্যে এই অভিযোগের ব্যাখ্যা দেবেন বলে তাঁদের জানিয়েছেন।