বিএনপি প্রার্থীদের প্রচারণায় কেন্দ্রীয় নেতা মাহবুবুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও নীলফামারীর সৈয়দপুরে পৌরসভা নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড়, দুপুরে পীরগঞ্জ ও সৈয়দপুরে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান।
সন্ধ্যায় মাহবুবুর রহমান পঞ্চগড় শহরের কামাতপাড়ায় ২০-দলীয় জোটের বিএনপির মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলামের নির্বাচনী পথসভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘বর্তমান সরকার ভ্রান্তনীতি অনুসরণ করছে। বিএনপি পৌর নির্বাচনে জয়ী হয়ে বুঝিয়ে দেবে জনগণ কী চায়।’ এ সময় অবশ্য তিনি ভোটে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি মেহের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ পথসভায় অন্যান্যের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব প্রমুখ বক্তব্য দেন। এ সময় সাবেক সাংসদ আখতারুজ্জামান মিয়া, সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক ও যুবদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে মাহবুবুর রহমান পীরগঞ্জ পৌরসভায় দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালান। এ পৌরসভার পূর্ব চৌরাস্তায় অনুষ্ঠিত বিএনপির মেয়র প্রার্থী রাজিউর রহমানের নির্বাচনী পথসভায় মাহবুবুর রহমান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পদপিষ্ট ও ভূলুণ্ঠিত হয়েছে। বিএনপির ধানের শীষ প্রতীকে আসন্ন পৌরসভা নির্বাচন হবে ওই গণতন্ত্রকে পুনরুদ্ধারের নির্বাচন। পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তিনি।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব। তিনি বলেন, ‘আমরা সত্য কথা বললে আমাদের ওপর একের পর এক মিথ্যা মামলা হয়। কিন্তু আমাদের বিরুদ্ধে যত বেশি মামলা দিয়েছে তত বেশি মানুষ বিএনপিতে যোগ দিয়েছে।’ বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সাংসদ মো. আখতারুজ্জামান মিয়া বলেন, ‘আমরা স্বচ্ছভাবে পৌর নির্বাচনে ধানের শীষে ভোট দেব। আমরা আওয়ামী লীগ সরকারকে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো আর নির্বাচন করতে দেব না।’
পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস, সাধারণ সম্পাদক তৈমুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওবাইদুল্যাহ মাসুদ প্রমুখ।
সৈয়দপুর শহরে বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত দলীয় প্রার্থীর পক্ষে লে. জেনারেল মাহবুবুর রহমান প্রচারপত্র বিলি ও জনসংযোগ করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাবেক সাংসদ বিলকিস ইসলাম, সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক ও যুবদলের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল খালেক। মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তবু গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা নির্বাচনে নেমেছি।’
পরে কেন্দ্রীয় নেতারা সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির কার্যালয়ে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।