ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নড়াইল সদর উপজেলায় বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগে আওয়ামী লীগের লোকজন বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপির কয়েকজন চেয়ারম্যান পদপ্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
তৃতীয় ধাপে ২৩ এপ্রিল নড়াইল সদর উপজেলার সাত ইউপিতে ভোট হবে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মণ্ডল গত শুক্রবার বিকেলে সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের মাইজপাড়া বাজারে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মাহাবুব মুর্শেদের পক্ষে গণসংযোগ করতে যান। সে সময় আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. জিল্লুর রহমানের সমর্থকেরা তাঁদের লাঞ্ছিত করেন এবং বাজারের একটি দোকানে আটকে রাখেন।
আউড়িয়া ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. মশিয়ার রহমান বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইউনিয়নের মুলদাইড় এলাকায় গণসংযোগ করতে সাবেক ইউপি সদস্য মর্জিনা বেগমের বাড়ির কাছে যাই আমি। সেখানে আওয়ামী লীগের সমর্থকেরা আমাকে ঘিরে ফেলেন এবং গণসংযোগে বাধা দেন। খবর পেয়ে পুলিশ আমাকে উদ্ধার করে।’ সদর থানার এএসআই শেখর চন্দ্র মল্লিক বলেন, মশিয়ার রহমান অভিযোগ দিলে তাঁকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়।
মাইজপাড়া ইউপির বর্তমান চেয়ারম্যান বিএনপির প্রার্থী মাহাবুব মুর্শেদ বলেন, ‘জেলা সদর থেকে প্রতিদিন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা প্রতিটি গ্রামে মোটরসাইকেলে মহড়া দিচ্ছেন। এতে আমাদের কর্মী-সমর্থকেরা গণসংযোগ করতে ভয় পাচ্ছেন।’ তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হবে কি না, তা নিয়ে সংশয় আছে।
নির্বাচনে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে হবখালি ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘যদি ভোটাররা কেন্দ্রে এসে ভোট দিতে পারেন, তাহলে নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।’
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র মো. জুলফিকার আলী মণ্ডল বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে কি না, তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে সংশয় রয়েছে। তিনি বলেন, ‘শুক্রবার বিকেলে মাইজপাড়া ইউনিয়নের দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে গেলে আওয়ামী লীগের লোকজন আমাদের কয়েকজনকে লাঞ্ছিত করেন এবং একটি দোকান ঘরে আটকে রাখেন।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন খান বলেন, নড়াইলের মাটি আওয়ামী লীগের ঘাঁটি। এখানকার মানুষ আওয়ামী লীগকে ভালোবাসে। যেকোনো নির্বাচনে এখানকার মানুষ আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এর ব্যত্যয় ঘটবে না।
নির্বাচনে সহিংসতার আশঙ্কার বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করতে যা কিছু প্রয়োজন তা করা হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না।