বিএনপি প্রার্থীর কর্মীদের রাজশাহীতে হয়রানি?
রাজশাহীতে বিএনপির মেয়র পদপ্রার্থীর কর্মীদের পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নওহাটা পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী মকবুল হোসেন তাঁর নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। এ ছাড়া আরও দুটি পৌর এলাকায় বিএনপির কর্মীদের পুলিশ আটক করার খবর পাওয়া গেছে।
মকবুল হোসেন বলেন, আগের দিন রাতে তাঁর পাঁচজন কর্মীকে পুলিশ আটক করে। এর মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়। আজিবর ও লিটন নামের যুবদলের দুই সদস্যকে ছাড়া হয়নি। তিনি তাঁর এলাকায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। গতকাল দুপুরে নওহাটা পৌর সদরে তাঁর নির্বাচনী কার্যালয়ে গিয়ে আট-দশটি চেয়ার ভাঙা ও কিছু পোস্টার ছেঁড়া অবস্থায় পাওয়া যায়। রাজশাহী জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম বলেন, পাঁচজনের মধ্যে তিনজনকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গিয়ে নিজের সমর্থক বলে ছাড়িয়ে নিয়েছেন। কিন্তু বিএনপির প্রার্থী তাঁর সমর্থকদের চেষ্টা করেও ছাড়াতে পারেননি।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, আটক ওই দুজনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আওয়ামী লীগের প্রার্থীর গণসংযোগে ককটেল হামলার সন্দেহভাজন আসামি তাঁরা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। মামলা হলে তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে।
এদিকে তানোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে গত রোববার রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তানোর পৌর এলাকার গোকুল মথুরা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বিএনপির মেয়র পদপ্রার্থী মিজানুর রহমানের পক্ষে গণসংযোগ করে বাড়িতে ফেরার পর রাতে বাসা থেকে তাঁকে পুলিশ আটক করে।
মিজানুর রহমান অভিযোগ করেন, রফিকুল তাঁর একনিষ্ঠ কর্মী। কর্মী ও সমর্থকদের দমন করতে পুলিশ হয়রানির উদ্দেশ্যে তাঁকে আটক করেছিল। তাঁকে ১৬ ঘণ্টা আটকে রেখে হয়রানি করা হয়েছে।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, রফিকুলের বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে কোনো অপরাধের প্রমাণ না হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।
সোমবার আড়ানী পৌরসভায় বিএনপির প্রার্থীর কর্মী ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফতাব উদ্দিন (৬০) ও বিদ্রোহী প্রার্থীর সমর্থক ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি দুলাল হোসেনকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।
পৌর বিএনপি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম আড়ানী বাজারের তালতলায় গণসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন। এ সময় রাস্তার ওপর থেকে দুলাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ওই দিন দুপুরে বিএনপির প্রার্থী তোজাম্মেল হকের সমর্থক আফতাব উদ্দিনকে পৌর এলাকার চক সিংগা মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঘা থানার ওসি আলী মাহমুদ বলেন, তাঁদের মারামারির পুরোনো একটি মামলায় গ্রেপ্তার করা হয়।