বিএনপি প্রার্থীর গণসংযোগে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকেরগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থীর গণসংযোগে হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

বাকেরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. মতিউর রহমান মোল্লা অভিযোগ করেন, আজ সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালাতে তাঁর দলের নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে যান। দুপুর সাড়ে ১২টার দিকে পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালাতে গেলে সেখানে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাই কালাম ডাকুয়ার নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।

এ ছাড়া ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। নারী কর্মীদের হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং বাকেরগঞ্জ থানায় অবহিত করা হয়েছে বলেও জানান মতিউর রহমান।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘একজন প্রার্থী আজ দুপুরে কার্যালয়ে এসে মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। তিনি কোনো লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও বিষয়টি খতিয়ে দেখার জন্য থানার ওসিকে বলা হয়েছে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থী অভিযোগ করেছে তাঁদের ওপর হামলা হয়েছে। তবে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছে।’

আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী লোকমান হোসেন ডাকুয়ার ভাষ্য, ‘তারা (বিএনপি) গায়ে পড়ে ঝগড়া করতে চায়। আমরা বাকেরগঞ্জে ৯০ ভাগ, আর ওরা মাত্র ১০ ভাগ। আমরা চাইলে তো ওরা বাসা থেকেই বের হতে পারতো না। কিন্তু আমরা সেটা করতে চাই না। এগুলো হচ্ছে নির্বাচনী মাঠ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কৌশল।’